রাজ্য রাজনীতিতে তোলপাড়! ব্রাত্য বসু ও ইন্দ্রনীল সেনসহ ৩১ জনের বিরুদ্ধে জিরো এফআইআর দায়ের

রাজ্য রাজনীতিতে ফের চাঞ্চল্যকর মোড়। তৃণমূলের প্রাক্তন দুই মন্ত্রী ব্রাত্য বসু এবং ইন্দ্রনীল সেনসহ মোট ৩১ জন সরকারি আধিকারিক ও কর্মীর বিরুদ্ধে বাগুইআটি থানায় জিরো এফআইআর (Zero FIR) দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগপত্র ও অভিযোগকারীদের দাবি অনুযায়ী, ধর্ষণ, যৌন হয়রানি, শ্লীলতাহানি, দুর্নীতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক গুরুতর ধারায় এই অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনজন নির্যাতিতা মহিলা কর্মী পুলিশের কাছে যৌন হয়রানি ও কুপ্রস্তাবের অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগগুলির গুরুত্ব বিবেচনা করে এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে সমাজকর্মী রাজীব সরকার বিধাননগর পুলিশ কমিশনারেটের অধীন বাগুইআটি থানার ওসির কাছে লিখিত অভিযোগ জমা দেন। ১২ নভেম্বর ২০২৬ তারিখে জমা দেওয়া ওই অভিযোগের ভিত্তিতেই বাগুইআটি থানায় জিরো এফআইআর নথিভুক্ত হয়েছে বলে খবর।
অভিযোগকারী রাজীব সরকারের দাবি অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দফতরের অভ্যন্তরে প্রাতিষ্ঠানিকভাবে মানব পাচার, বাণিজ্যিক যৌন শোষণ, ধর্ষণের চেষ্টা এবং তোলাবাজির একটি চক্র সক্রিয় রয়েছে। নির্যাতিত মহিলা কর্মীদের কাছ থেকে প্রাপ্ত নথি ও তথ্যের ভিত্তিতেই তিনি এই পদক্ষেপ করেছেন বলে উল্লেখ করেছেন। অভিযোগপত্রে এক বিশেষভাবে সক্ষম সরকারি কর্মীকে নির্যাতনের বিষয়টিও তুলে ধরা হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS), ২০২৩-এর ১৭৩(১) ধারার উল্লেখ করে অবিলম্বে জিরো এফআইআর রুজু করার আবেদন জানানোর পাশাপাশি, BNSS-এর ৩৯৮ ধারায় সাক্ষীদের সুরক্ষা ও সম্ভাব্য প্রতিশোধমূলক হয়রানি থেকে নিরাপত্তার আর্জিও জানিয়েছেন তিনি।
অন্যদিকে, এই বিষয়ে আইনজীবী রাজদীপ মজুমদার সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক দাবি করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, তথ্য ও সংস্কৃতি দফতরের একাধিক অস্থায়ী গ্রুপ-ডি এবং গ্রুপ-সি মহিলা কর্মী ব্রাত্য বসু ও ইন্দ্রনীল সেনসহ একাধিক আধিকারিকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন। বিষয়টি ইতিমধ্যেই জাতীয় মহিলা কমিশনের (NCW) কাছেও জানানো হয়েছে। আইনজীবী রাজদীপ মজুমদারের অভিযোগ, যাঁরা ওই কুপ্রস্তাবে সাড়া দিতেন না, তাঁদের সঙ্গে চরম দুর্ব্যবহার করা হতো—দূরবর্তী স্থানে বদলি করে দেওয়া হতো এবং তাঁদের বেতনও আটকে রাখা হতো। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে অভিযুক্ত প্রাক্তন দুই মন্ত্রী বা সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।