“১৪ বছরে মোদী কিছু করতে পারেনি!’-বেনামি সম্পত্তি অভিযোগে চরম ক্ষুব্ধ কল্যাণ ব্যানার্জি

লোকসভা নির্বাচন ও নানা ইস্যুতে দলের অভ্যন্তরীণ কোন্দল যেন থামতেই চাইছে না। ফের একবার প্রকাশ্যে এল শাসকশিবিরের তীব্র অন্তর্দ্বন্দ্ব। বর্ষীয়ান আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি বেনামি সম্পত্তির গুরুতর অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক আখরুজ্জামান। এই বিস্ফোরক চিঠি ঘিরে এখন রাজ্য রাজনীতিতে চরম শোরগোল শুরু হয়েছে।

কী অভিযোগ রয়েছে আখরুজ্জামানের চিঠিতে?

বিধায়ক আখরুজ্জামানের দাবি, বাঁকুড়া, উত্তরপাড়া, শ্রীরামপুর থেকে শুরু করে খোদ কলকাতাতেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একাধিক বেনামি ফ্ল্যাট ও স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে। তাঁর প্রশ্ন, ‘কল্যাণবাবুর বাড়িতে কেন এখনও ইডি (ED), সিবিআই (CBI) কিংবা আয়কর বিভাগ (Income Tax) তল্লাশি চালাল না?’

চিঠিতে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থোগুলিকে অনুরোধ জানান, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অবৈধ সম্পত্তির খতিয়ান যেন দ্রুত খতিয়ে দেখা হয়। পাশাপাশি, একজন সফল আইনজীবী হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মামলাপিছু কত টাকা ফিজ নেন, সেই মামলার বর্তমান হাল কী, তাঁর পরিবার ওই মামলাগুলো লড়েছে কি না এবং অন্য আইনজীবীরা আদৌ সুযোগ পেতেন কি না—এই সমস্ত ‘অস্বাভাবিক’ বিষয়ের গভীরে গিয়ে উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন আখরুজ্জামান।

‘তুমি তো হরিদাস পাল!’—পাল্টা তোপ কল্যাণের

বিধায়কের এই বিস্ফোরক পদক্ষেপের পরেই তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আখরুজ্জামানকে সরাসরি ‘বেইমান’ ও ‘হরিদাস পাল’ বলে কটাক্ষ করেন তিনি।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য, তাঁর আয়ের সমস্ত উৎস প্রকাশ্যে এবং রিটার্নে ডিক্লেয়ার করা রয়েছে। তাঁর ফ্ল্যাট বা বাড়ি আজকের তৈরি নয়, বরং তিনি বহু বছর আগেই তা কিনেছেন। এই প্রসঙ্গে ক্ষুব্ধ সাংসদ বলেন, ‘আমার ফ্ল্যাট শ্রীরামপুরে কিনেছি ২০০৯ সালে, উত্তরপাড়ায় ২০১০ সালে এবং কলকাতায় বাড়ি তৈরি করেছি ২০০৯ সালে। এতে চিন্তার কী আছে? নরেন্দ্র মোদী গত ১৪ বছরে সিবিআই-ইডি লাগিয়ে আমার কিচ্ছু করতে পারেনি, আর তুমি তো হরিদাস পাল! পারলে আমার কিছু করে দেখাও।’

একই সঙ্গে কল্যাণের অভিযোগ, যাঁরা আজ এই ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলছেন, তাঁরা আসলে রাজনৈতিকভাবে দালালি করছেন এবং দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা বা গদ্দারি করেছেন। মানুষ সবটাই বুঝতে পারছে, তাই এসব বলে লাভ নেই।