উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচন কি তবে পেছাচ্ছে? যোগী মন্ত্রিসভার বড় সিদ্ধান্তে জল্পনা তুঙ্গে!

উত্তরপ্রদেশের রাজনৈতিক ও গ্রামীণ স্তরের প্রশাসনে এক বড় মোড় দেখা গেল। রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘিরে জল্পনা ও প্রতীক্ষা আরও তীব্র হয়েছে। বুধবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মন্ত্রিসভার বৈঠকে গ্রাম পঞ্চায়েতগুলিতে নিযুক্ত প্রশাসকদের কার্যকাল আরও ছয় মাস পর্যন্ত বাড়ানোর একটি বিশেষ প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ১৯৪৭ সালের উত্তর প্রদেশ পঞ্চায়েত রাজ আইনের ১২ ধারার ৩(ক) উপধারা সংশোধন করে ‘উত্তর প্রদেশ পঞ্চায়েত রাজ সংশোধনী অধ্যাদেশ, ২০২৬’ অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাম পঞ্চায়েতগুলিতে নিযুক্ত প্রশাসকদের কার্যকাল আগামী ছয় মাস অথবা রাজ্য অনগ্রসর শ্রেণী কমিশনের চূড়ান্ত প্রতিবেদন হাতে আসা পর্যন্ত বহাল থাকবে। অর্থাৎ, যদি ছয় মাস অতিক্রান্ত হওয়ার আগেই কমিশন তাদের সমীক্ষা রিপোর্ট পেশ করে, তবে তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ বা নির্বাচনের দিনক্ষণ স্থির করা হবে। রাজ্য সরকারের যুক্তি, পঞ্চায়েত নির্বাচনে সঠিক ও ন্যায়সঙ্গত সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে অনগ্রসর শ্রেণীর জনসংখ্যা এবং তাদের সামাজিক-অর্থনৈতিক অনগ্রসরতা নিয়ে সুনির্দিষ্ট সমীক্ষা করা অত্যন্ত জরুরি।
কেন এই মেয়াদ বৃদ্ধি?
উল্লেখ্য, বর্তমান গ্রাম পঞ্চায়েতগুলির নির্ধারিত মেয়াদ চলতি বছরের ২৬ মার্চ শেষ হয়েছিল। এরপর গত ২৫ মার্চ এক সরকারি আদেশের মাধ্যমে তৎকালীন গ্রাম প্রধানদেরই সাধারণ কাজ পরিচালনার জন্য প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই নির্ধারিত প্রশাসকদের মেয়াদ আগামী ২৬ নভেম্বর, ২০২৬ তারিখে শেষ হওয়ার কথা ছিল। ঠিক তার আগেই মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে প্রশাসকদের কার্যকাল বাড়ানোর পথ সম্পূর্ণ পরিষ্কার হলো।
রাজ্যের অর্থমন্ত্রী সুরেশ কুমার খান্না মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা সংবাদমাধ্যমের সামনে ঘোষণা করেন। তিনি স্পষ্ট জানান যে, গ্রাম পঞ্চায়েতগুলির কাজে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে এবং কোনো ধরনের আইনি বা প্রশাসনিক জটিলতা এড়াতেই এই মেয়াদ বৃদ্ধি করা অত্যন্ত প্রয়োজন ছিল।
অনগ্রসর শ্রেণী কমিশনের প্রতিবেদনের অপেক্ষায় সরকার
সুপ্রিম কোর্টের বিভিন্ন নির্দেশিকা মেনে ত্রিস্তরীয় পঞ্চায়েতে অনগ্রসর শ্রেণীর সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে গত ১৮ মে ২০২৬ তারিখে উত্তর প্রদেশ রাজ্য গ্রামীণ সংস্থা সমর্পিত অনগ্রসর শ্রেণী কমিশন গঠিত হয়েছিল। বর্তমানে সেই কমিশনের রিপোর্ট এখনও হাতে আসেনি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সমীক্ষাপত্র বা রিপোর্ট হাতে পাওয়ার পরই পঞ্চায়েত নির্বাচনে আসন সংরক্ষণ এবং পরবর্তী নির্বাচনী প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। বিধানসভার অধিবেশন না থাকায় এবং জরুরি প্রয়োজনের কথা মাথায় রেখে সংবিধানের ২১3 অনুচ্ছেদ অনুযায়ী এই অধ্যাদেশ আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।