হস্টেলের পড়ুয়াদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর! হারমোনিয়াম-সহ মিলবে দামি বাদ্যযন্ত্র

শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক বিকাশকে গুরুত্ব দিতে এক বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। আলিপুরদুয়ারের লোকনাথপুর আশ্রম হস্টেল পরিদর্শনে এসে রাজ্যের ৩২৪টি আবাসিক হস্টেলের পড়ুয়াদের জন্য হারমোনিয়াম-সহ বিভিন্ন বাদ্যযন্ত্র তুলে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বুধবার ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তের আবাসিক পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করার সময় এই বিশেষ ঘোষণা করেন তিনি।
এদিন দুপুর আড়াইটে নাগাদ হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করার পর মুখ্যমন্ত্রী সোজা ডাঙ্গি আশ্রম মাঠ হয়ে পৌঁছন লোকনাথপুর আশ্রম হস্টেলে। সেখানে তিনি আবাসিক ছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের থাকা-খাওয়া, পড়াশোনা এবং সামগ্রিক সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমের সাহায্যে রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় ১৪ হাজার ৭৫৩ জন পড়ুয়ার সঙ্গে যুক্ত হন তিনি। ছাত্রছাত্রীদের মন দিয়ে পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ারের মতো পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করার অনুপ্রেরণাও দেন মুখ্যমন্ত্রী।
হস্টেল পরিদর্শনকালে ছাত্রীদের সুযোগ-সুবিধার বিষয়টি আলাদাভাবে খতিয়ে দেখেন তিনি। আগে হস্টেলের আবাসিকদের মাসিক অনুদান ১৮০০ টাকা থাকলেও তা বাড়িয়ে এখন ৩৩০0 টাকা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি খাবারের মান আগের তুলনায় উন্নত হয়েছে কি না, তাও তিনি ছাত্রীদের কাছ থেকে সরাসরি জানতে চান। মতবিনিময় ও আলোচনার এক পর্যায়ে ছাত্রীদের অনুরোধে তাদের গান শোনেন মুখ্যমন্ত্রী। ছাত্রীদের এই সাংস্কৃতিক প্রতিভায় মুগ্ধ হয়েই তিনি রাজ্যের মোট ৩২৪টি আবাসিক হস্টেলে হারমোনিয়াম ও অন্যান্য বাদ্যযন্ত্র দেওয়ার তাৎপর্যপূর্ণ ঘোষণা করেন।
উল্লেখ্য, অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের তত্ত্বাবধানে তৈরি এই লোকনাথপুর আশ্রম হস্টেলটি মূলত প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র আদিবাসী ছাত্রীদের জন্য গড়া হলেও দীর্ঘ দিন বন্ধ থাকার পর চালু হয়। হস্টেল চালুর পর নিরাপত্তা ও জল জমার মতো কিছু পরিকাঠামোগত সমস্যা নিয়ে প্রশ্ন থাকলেও, মুখ্যমন্ত্রীর এই সরাসরি পরিদর্শন এবং বাদ্যযন্ত্র উপহার দেওয়ার ঘোষণা ছাত্রীদের পাশাপাশি আশ্রম কর্তৃপক্ষকেও নতুন করে আশার আলো দেখাচ্ছে।