৩০,০০০ টাকা বেতনের দাবি, শ্রমিক আন্দোলনে বন্ধ ৩৭টি কারখানা, বড় সংকটে বাংলাদেশ

বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শিল্পের শ্রমিকদের লাগাতার আন্দোলনে ফের উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। মঙ্গলবার ঢাকার আশপাশের শিল্পাঞ্চলগুলিতে শ্রমিকদের বিক্ষোভ চরম আকার ধারণ করে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে এক হাজারের বেশি আধাসেনা বাহিনী মোতায়েন করেছে প্রশাসন। একাধিক গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক অবরোধ করার ফলে ব্যাপক যানজট ও অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

কত বেতন চাইছেন শ্রমিকরা?

বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ১২,৫০০ টাকা। শ্রমিকদের জোরালো দাবি, এই বেতন বাড়িয়ে অবিলম্বে ৩০ হাজার টাকা করতে হবে। তাঁদের বক্তব্য, বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, বাড়িভাড়া, যাতায়াত এবং চিকিৎসার খরচ যেভাবে লাগামছাড়াভাবে বেড়েছে, সেই তুলনায় তাঁদের বর্তমান আয় অত্যন্ত কম। জীবনযাত্রার নূন্যতম মান বজায় রাখতেই এই বেতন বৃদ্ধি জরুরি।

অবরুদ্ধ জাতীয় সড়ক, চলছে সংঘর্ষ

অক্টোবরের শেষ দিক থেকেই বিভিন্ন শিল্পাঞ্চলে দফায় দফায় বিক্ষোভ চলছিল। মঙ্গলবার সেই আন্দোলন আরও তীব্র রূপ নেয়। ঢাকার আশপাশে ঢাকা-আরিচা, ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পাশাপাশি পুলিশ নামানো হয়। আশুলিয়া, গাজীপুর এবং নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে মোট ৪২ প্লাটুন আধাসেনা বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে ড্রোনও।

মিরপুর, সাভারের ফুলবাড়িয়া, হেমায়েতপুর, আশুলিয়ার বিভিন্ন এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে ও আবর্জনা ফেলে অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। বিক্ষোভ হটাতে পুলিশ ও বিজিবি কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে। অন্যদিকে, আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ারও অভিযোগ উঠেছে।

বন্ধ বহু কারখানা, অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা

এই ব্যাপক আন্দোলনের জেরে শিল্পাঞ্চলের অন্তত ৩৭টি পোশাক কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ। উল্লেখ্য, চিনেসর পর বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানিকারক দেশ। এই শিল্পে ৪০ লক্ষেরও বেশি শ্রমিক কাজ করেন এবং দেশের মোট রফতানি আয়ের ৮০ শতাংশের বেশি এই খাত থেকেই আসে। উৎপাদন দীর্ঘদিন ব্যাহত হলে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলির অর্ডার বাতিল হওয়ার আশঙ্কা করছেন কারখানার মালিকরা।

পরিস্থিতি সামাল দিতে গত ১ নভেম্বর একটি ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর পরবর্তী বৈঠকে নতুন বেতন কাঠামোর প্রস্তাব আসার কথা রয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার কথা। তবে এই শ্রমিক বিক্ষোভ এবং রাজনৈতিক উত্তেজনার আবহে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এক কঠিন সংকটের মুখে এসে দাঁড়িয়েছে।