বাবা-মায়ের রোম্যান্টিক মুহূর্তের স্মৃতিচারণ করতেই নেটদুনিয়ায় ট্রোল! কটাক্ষের চরম জবাব দিয়ে বিজেপি-কে তুলোধোনা রাহুলের

মা সোনিয়া গান্ধীর আত্মজীবনী প্রকাশ অনুষ্ঠানে বাবা রাজীব গান্ধী ও মায়ের ভালোবাসার রোম্যান্টিক মুহূর্তগুলো নিয়ে স্মৃতিচারণা করেছিলেন রাহুল গান্ধী। আর সেই ব্যক্তিগত আবেগকে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র ট্রোলিং। তবে সমালোচকদের চুপ না থেকে এবার সেই কটাক্ষের কড়া জবাব দিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর স্পষ্ট অভিযোগ, বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) অনুগামীদের মনে ঘৃণা ও রাগের পরিবেশ তৈরি হওয়ায় তাঁরা ভালোবাসার প্রকৃত অর্থই ভুলে গেছেন।
সম্প্রতি সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) স্মৃতিকথা ‘বিলঙ্গিং: আ জার্নি অফ লাভ’ (Belonging: A Journey of Love)-এর প্রকাশ মঞ্চে বাবা-মায়ের সম্পর্কের বেশ কিছু সুন্দর ও অজানা দিক তুলে ধরেছিলেন রাহুল। তিনি জানান, ছোটবেলায় তাঁদের বাড়িতে বাবা-মাকে সবসময় একসঙ্গে দেখাটাই স্বাভাবিক ছিল, যা অন্য বন্ধুদের পরিবারে তিনি দেখেননি। এছাড়া কেমব্রিজে বাবা-মায়ের প্রথম পরিচয়ের রেস্তোরাঁয় যাওয়ার স্মৃতিও ভাগ করে নেন তিনি। তবে একজন সন্তান হিসেবে মায়ের জীবনের সেই আবেগঘন মুহূর্তগুলো প্রকাশ্যে আনতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় ট্রোলিং।
বিজেপি-আরএসএসকে নিশানা রাহুলের এই সমস্ত সমালোচনার তীব্র প্রতিবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্টে রাহুল লেখেন, বিজেপি ও আরএসএস সমর্থকদের মনে ভয়, রাগ এবং ঘৃণার যে প্রাচীর তৈরি হয়েছে, তা তাঁদের ভালোবাসার অনুভূতি বুঝতে ও প্রকাশ করতে বাধা দেয়। এমনকি, একজন সত্যিকারের হিন্দু হিসেবে তাঁদের এই মানসিক অন্ধকার থেকে মুক্ত করার দায়িত্ব নিজের কাঁধেই নিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। যাতে তাঁরাও জীবনের আসল সৌন্দর্য অনুভব করতে পারেন। পোস্টের শেষে ‘সত্যম শিবম সুন্দরম’ কথাও উল্লেখ করেন কংগ্রেস সাংসদ।
উল্লেখ্য, ওই অনুষ্ঠানে রাহুল আগেই স্পষ্ট করে দিয়েছিলেন যে, তিনি কোনও রাজনৈতিক কথা বলতে আসেননি, বরং একজন সন্তানের চোখে নিজের মা-বাবার গল্পই তুলে ধরেছেন। কিন্তু সেই ব্যক্তিগত স্মৃতিচারণাকে ঘিরেও যেভাবে রাজনৈতিক কাদা ছোঁড়াছুড়ি শুরু হয়েছে, তা নিয়েই এখন সরগরম জাতীয় রাজনীতি।