আদালতের শো-কজ নোটিস পেয়েও ফুঁসে উঠলেন অভিষেক! স্পষ্ট ভাষায় বললেন, “মাথা নত করব না, বিচার ব্যবস্থা নিরপেক্ষ নয়”

আদালতের শো-কজ নোটিস পেয়েও একচুলও পিছু হঠলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বরং আরও একবার সরাসরি দেশের বিচারব্যবস্থার একাংশকে নিশানা করে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ‘‘আমি মাথা নত করার লোক নই।’’ মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আইনি জট ও কড়া পদক্ষেপের মুখে পড়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করেন তিনি। একইসঙ্গে তাঁর নিরাপত্তা বাড়ানোর নির্দেশ সংক্রান্ত বিষয়েও আদালতের পর্যবেক্ষণ নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক চর্চা।
ঠিক কী বলেছেন অভিষেক? গত ৭ নভেম্বর আদালত অবমাননা সংক্রান্ত একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যকে ‘ফৌজদারি আদালত অবমাননা’ (Criminal Contempt) হিসেবে উল্লেখ করেছিলেন বিচারপতি কৃষ্ণা রাও। সেই নির্দেশ ও পরবর্তীতে শোকজ নোটিস পাওয়ার পরেই এদিন বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক।
এদিন তিনি বলেন, ‘‘আমি সেটা বলিনি। আমরা ২০২৪ সালে অভিজিৎ গাঙ্গুলিকে দেখেছি। আমি বলেছি কারণ বিচারব্যবস্থা একাধিক গাইডলাইন দেওয়ার পরেও কেন্দ্র সরকার মানেনি। বিচার ব্যবস্থার ওপর আস্থাশীল।’’ তবে এরপরেই সুর চড়িয়ে তিনি প্রশ্ন তোলেন, ‘‘আমার বিরুদ্ধে করলে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নয় কেন? আইন সবার কাছে এক হওয়া উচিত। আইন আমার জন্য আলাদা, আর বিজেপির লোকের জন্য আলাদা? ৭ তারিখ আমার বাড়িতে হামলা হয়েছে, উল্টে আমাকেই শ্লীলতাহানির মামলা দেওয়া হয়েছে। আমি মাথা নত করার লোক নই। বিচার ব্যবস্থা নিরপেক্ষ নয়।’’
নিরাপত্তা সংক্রান্ত নির্দেশ ও আইনি পরিস্থিতি অন্যদিকে, আইনি এই টানাপোড়েনের মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্তটি পুনরায় বিবেচনা করার জন্য আদালত নির্দেশ দিয়েছে। আগামী দু’সপ্তাহের মধ্যে এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিবেচনা করে দেখার জন্য রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সবমিলিয়ে, আদালতের শোকজ নোটিসের পর অভিষেকের এই অনমনীয় মনোভাব এবং বিচারব্যবস্থা নিয়ে তাঁর এই বিস্ফোরক মন্তব্য আগামী দিনে রাজনৈতিক অঙ্গনকে যে আরও উত্তপ্ত করে তুলবে, তা বলাই বাহুল্য।