ফ্রি টিকিটের বচসা গড়াল রক্তপাতে! বাসের কাচ ভেঙে কনডাক্টরকে চপারের কোপ, কলকাতায় চাঞ্চল্য

সরকারি বাসে মহিলাদের জন্য জিরো ভ্যালু টিকিটের সুবিধা ঘিরে তুলকালাম কাণ্ড বাধল খোদ তিলোত্তমায়। মহিলা যাত্রীদের সঙ্গে টিকিট সংক্রান্ত বচসার জেরে রক্তাক্ত হতে হলো সরকারি বাসের এক কনডাক্টরকে। শুধু তাই নয়, বাস থামিয়ে দুষ্কৃতীরা চপার দিয়ে আক্রমণ চালায় বলে অভিযোগ। সোমবার ঘটা এই চাঞ্চল্যকর ঘটনায় নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে পরিবহণ মহলে।
ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাত্কারে রাজাবাজার ডিপোর T10 রুটের (রাজাবাজার থেকে মালঞ্চ) সরকারি বাসের কনডাক্টর দীপক মণ্ডল তাঁর ওপর নেমে আসা এই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তাঁর বয়ান অনুযায়ী, সোমবার ভিআইপি বাজার স্টপেজ থেকে তিনজন হিন্দিভাষী মহিলা ওই বাসে ওঠেন। এই রাজ্যে মহিলাদের জন্য সরকারি বাসে ফ্রি বা জিরো ভ্যালু টিকিটের নিয়ম থাকলেও, তার জন্য এ রাজ্যের বাসিন্দার পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক। ওই মহিলাদের কাছে স্থানীয় কোনও পরিচয়পত্র না থাকায় দীপক মণ্ডল তাঁদের কাছ থেকে নিয়মমাফিক টিকিটের টাকা নেন।
অভিযোগ, সেই সময় বাসে থাকা অন্য এক মদ্যপ পুরুষ যাত্রীর প্ররোচনায় ওই তিন মহিলা হঠাৎই ফ্রি টিকিটের দাবিতে কনডাক্টরের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে ঘটকপুকুরের কাছে তাঁরা বাস থেকে নেমে যাওয়ার সময় দীপকের হাত থেকে একটি একশো টাকার নোট ছিনিয়ে চম্পট দেন বলে অভিযোগ।
কিন্তু এখানেই ঘটনার শেষ হয়নি। কনডাক্টর দীপক মণ্ডল জানান, সন্ধের দিকে বাসটি ফেরার পথে আম্বেদকর ব্রিজের কাছে খারাপ রাস্তার কারণে কিছুটা ধীর গতিতে এগোচ্ছিল। সেই সুযোগে দুটি মোটরবাইকে করে পাঁচজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী বাসের পিছন ধাওয়া করে। এরপর তারা চলন্ত বাসের গায়ে এবং কাচে চপার দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। চালক ও কনডাক্টর বাস থামিয়ে প্রতিবাদ করতে গেলে ওই দুষ্কৃতীরা চড়াও হয়। দীপকের পেটে ও বাঁ হাতে চপারের আঘাত করা হয় বলে অভিযোগ। আচমকা এই হামলায় বাসের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত যাত্রীরাই তৎক্ষণাৎ পুলিশে খবর দেন।
খবর পেয়ে প্রগতি ময়দান থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অবশ্য হামলাকারীরা চম্পট দিতে সক্ষম হয়। আহত কনডাক্টর দীপক মণ্ডলকে উদ্ধার করে প্রথমে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে দক্ষিণ বারাসাতের বাড়িতে পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রগতি ময়দান থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, সরকারি নিয়মানুযায়ী বাসে মহিলাদের জিরো ভ্যালু বা ফ্রি টিকিট পেতে হলে রাজ্যের বৈধ পরিচয়পত্রের হার্ড কপি বা মোবাইলে থাকা সফট কপি দেখানো আবশ্যিক এবং তা অবশ্যই এ রাজ্যের বাসিন্দা হতে হবে। কিন্তু অভিযুক্ত মহিলাদের কাছে তার কিছুই ছিল না বলেই দাবি কনডাক্টরের।
সহকর্মীর ওপর এমন নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন অন্য বাসকর্মীরাও। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি বাস কনডাক্টর ক্ষোভপ্রকাশ করে বলেন, “একজন পরিবহণ কর্মী নিজের দায়িত্ব পালন করতে গিয়ে এভাবে আক্রান্ত হবেন, এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে কর্মীরা নিরাপদে কাজ করতে পারেন।”