৩৪ বছর পর ফের ঐতিহাসিক ফাঁসির রায়! ৫ বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও খুনে নিম্ন আদালতের রায় বহাল রাখল হাইকোর্ট

শিশু নির্যাতন ও নির্মম খুনের অপরাধে অত্যন্ত কঠোর অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। হুগলির গুড়াপে মাত্র পাঁচ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করে নৃশংসভাবে খুনের ঘটনায় নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা পুরোপুরি বহাল রাখল উচ্চ আদালত। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চের স্পষ্ট পর্যবেক্ষণ, শিশুটির উপর যেভাবে অকথ্য অত্যাচার চালিয়ে খুন করা হয়েছে, তাতে অভিযুক্তের জন্য সর্বোচ্চ বা ফাঁসির সাজাই একমাত্র পাওনা।

উল্লেখ্য, ১৯৯২ সালে বহুল আলোচিত হেতাল পারেখ হত্যা মামলার পর এই দীর্ঘ প্রায় ৩৪ বছর বাদে ফের কোনো চাঞ্চল্যকর মামলায় মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট।

কী ঘটেছিল গুড়াপে? ২০২৪ সালে হুগলির গুড়াপে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল। পাঁচ বছরের একরত্তি শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি প্রক্রিয়া শুরু হয়। মামলার ভয়াবহতা ও সমস্ত সাক্ষ্যপ্রমাণ বিবেচনা করে ২০২৫ সালের জানুয়ারি মাসে জেলা আদালত অভিযুক্তকে মৃত্যুদণ্ডের সাজা শোনায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে এবং সাজা পুনর্বিবেচনার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অভিযুক্ত। কিন্তু দীর্ঘ নথিপত্র পর্যালোচনার পর শেষ পর্যন্ত জেলা আদালতের ফাঁসির রায়ই বহাল রাখল উচ্চ আদালত।

ক্ষতিপূরণের অঙ্ক বাড়াল আদালত: বিচার শুধু সাজা প্রদানেই আটকে থাকেনি, একই সঙ্গে নির্যাতিতার পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণের পরিমাণও বাড়িয়েছে আদালত। এর আগে মৃত শিশুর পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হলেও সেই নির্দেশ কার্যকর না হওয়ায়, বর্তমান রায়ে ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে ১৫ লক্ষ টাকা করার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

কী বলছেন সরকারি আইনজীবী? এই মামলায় রাজ্য সরকারের স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করা প্রবীণ আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় জানিয়েছেন, “মেয়েটিকে অভিযুক্তর বাড়ির কাঠ রাখার ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয়েছিল। পোস্ট মর্টেম রিপোর্টে স্পষ্ট উল্লেখ রয়েছে, ধর্ষণের পর তাকে দেওয়ালে ঠুকে ঠুকে মারা হয়েছিল। যা থেকে প্রমাণিত হয়, কতটা চরম নৃশংসতার শিকার হতে হয়েছিল মাত্র পাঁচ বছরের একটি শিশুকে।” তিনি আরও জানান, অভিযুক্তের বিরুদ্ধে অতীতেও একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। এই ধরনের অপরাধীর সংশোধনের কোনো অবকাশ নেই বলেই আদালত সর্বোচ্চ সাজা বহাল রেখেছে।