চাকরি না পাওয়া পর্যন্ত আর্থিক সুরক্ষা, বেকারদের জন্য ‘ভরসা’ প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মেদিনীপুরে পুলিশের একটি বিশেষ অনুষ্ঠান থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেকার যুবক-যুবতীদের জন্য একাধিক যুগান্তকারী ও জনমুখী ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, এখন থেকে সরকারি চাকরির পরীক্ষাতে বসার ক্ষেত্রে আর কোনো আবেদন ফি দিতে হবে না। কয়েকদিনের মধ্যেই সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু করা হবে বলে জানান তিনি। এই বিষয়ে ইতিমধ্যেই অর্থ দপ্তরে আলোচনা শুরু হয়ে গেছে।
পূর্বতন সরকারকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আগের সরকার সরকারি চাকরির পরীক্ষার্থীদের কাছ থেকে প্রতি পরীক্ষায় ৫০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতি (SC-ST) আবেদনকারীদের কাছ থেকে ২৫০ টাকা করে ফি নিলেও যোগ্য প্রার্থীরা চাকরি পাননি। তৃণমূল সরকার যদি এবারও ক্ষমতায় আসত, তবে একজনেরও চাকরি হত না।’’ কেবল আবেদন ফি মকুব করাই নয়, বাংলার বেকার যুবক-যুবতীদের সুদিন ফেরাতে এবং তাঁদের পাশে থাকার জোরালো বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বাংলার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আর্থিক সুরক্ষা দিতে নতুন সরকারের পক্ষ থেকে ‘ভরসা’ প্রকল্প চালুর ঘোষণা করা হয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সোমবার জানান, স্নাতক এবং স্নাতক নন—এমন পরীক্ষার্থীদের দুটি আলাদা গ্রুপে বিভক্ত করে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি, যতদিন না পর্যন্ত স্থায়ী কর্মসংস্থান হচ্ছে, কমপক্ষে পাঁচ বছর পর্যন্ত সরকারের ‘ভরসা’ প্রকল্পের মাধ্যমে পরীক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে।
এর পাশাপাশি ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জটিলতা নিয়েও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন যে, আগের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার একটি বিশেষ সম্প্রদায়ের সকলকে ওবিসি তালিকাভুক্ত করার চেষ্টা করেছিল, যার ফলে গোটা প্রক্রিয়ায় মারাত্মক আইনি জট তৈরি হয়। নতুন সরকার ক্ষমতায় আসার পর বিধানসভায় আইন সংশোধন করে এবং আইনি লড়াইয়ের মারপ্যাঁচ কাটিয়ে সমস্ত সরকারি নিয়োগের জট কাটিয়ে দিয়েছে বলে দাবি করেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে সরকারি চাকরির আবেদন ফি নিয়ে রাজ্যের পরীক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ ছিল। এমতাবস্থায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্ত বাংলার চাকরিপ্রার্থীদের জন্য এক বিরাট স্বস্তির খবর হিসেবে দেখা দিয়েছে।