ইউএসবি কেবলের মাথায় ওই দুটো ছোট ফুটো কেন থাকে জানেন? লুকিয়ে আছে দারুণ এক ইঞ্জিনিয়ারিং রহস্য!

রোজকার জীবনে স্মার্টফোন চার্জ দেওয়া থেকে ল্যাপটপে পেনড্রাইভ গোঁজা—ইউএসবি কেবলের (USB Cable) ব্যবহার আমাদের নিত্যদিনের সঙ্গী। কিন্তু কখনো কি খেয়াল করেছেন যে ইউএসবি কেবলের স্টিলের মাথায় ঠিক দুটো ছোট চারকোনা ফুটো বা হোল থাকে? অনেকেই এগুলোকে নিছক কোনো ডিজাইন বা নকশা ভেবে ভুল করেন। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এর নেপথ্যে রয়েছে এক দুর্দান্ত ইঞ্জিনিয়ারিং কৌশল।

নব্বইয়ের দশকের শেষের দিকে ইনটেল ও মাইক্রোসফটের মতো টেক জায়ান্টরা প্রথম এই ইউএসবি পোর্টের ডিজাইন তৈরি করেছিল। উদ্দেশ্য ছিল কীবোর্ড, প্রিন্টার বা অন্যান্য ডিভাইস অত্যন্ত সহজে কম্পিউটারের সঙ্গে যুক্ত করা। ল্যাপটপ বা কম্পিউটারের পোর্টের ভেতরে উঁকি দিলে দেখা যাবে সেখানে স্প্রিং দেওয়া দুটো ছোট্ট ক্লিপ থাকে। তারের মাথার ওই চারকোনা ফুটো দুটো ঠিক ওই ক্লিপের সঙ্গে খাপে খাপে আটকে যাওয়ার জন্যই তৈরি করা হয়েছে।

পোর্টে তার গুঁজে দিলেই হালকা একটা ‘ক্লিক’ শব্দ হয়। ওই স্প্রিংয়ের ক্লিপগুলো ফুটোর মধ্যে শক্তভাবে বসে যায়, যার ফলে তারে সামান্য টান লাগলেও তা সহজে খুলে আসে না। গুরুত্বপূর্ণ ডেটা আদানপ্রদান বা মোবাইল চার্জিংয়ের সময় তার খুলে যাওয়ার বিরক্তি থেকে মুক্তি পেতেই এই দারুণ লকিং সিস্টেম রাখা হয়েছে। এমনকি হাজার বার প্লাগ-ইন বা প্লাগ-আউট করলেও এই ক্লিপ সহজে নষ্ট হয় না। তাছাড়া এই ফুটো থাকার কারণে পুরনো ইউএসবি কেবল ভুল দিকে ঘোরানো যায় না, সঠিক দিক নিশ্চিত করতেও এটি সাহায্য করে। যদিও বর্তমানের আধুনিক ইউএসবি টাইপ-সি (USB-C) কেবলে এই ফুটো থাকে না, তবুও পুরনো ইউএসবি-এ (USB-A) কেবলের এই অনন্য নকশা আজও আমাদের দৈনন্দিন জীবনে দাপটের সঙ্গেই টিকে রয়েছে।