পর্দায় ফিরছে ‘ইচ্ছেনদী’র ম্যাজিক! কোন নতুন চমক নিয়ে আসছেন বিক্রম-শোলাঙ্কি?

ছোট পর্দার জনপ্রিয় জুটি বিক্রম চট্টোপাধ্যায় ও শোলাঙ্কি রায় আবারও বড় পর্দায় একসঙ্গে ম্যাজিক দেখাতে চলেছেন। ‘ইচ্ছেনদী’ ধারাবাহিকের অনুরাগ ও মেঘলার সেই পুরনো রসায়ন এবার ধরা দিতে চলেছে পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের নতুন ছবি ‘রাজকন্যা’-তে। প্রেম, বন্ধুত্ব এবং সময়ের সঙ্গে সম্পর্কের বদলে যাওয়া সমীকরণকে কেন্দ্র করে এগিয়েছে এই ছবির চিত্রনাট্য।
ছবিতে বিক্রমের চরিত্রের নাম দিব্য এবং শোলাঙ্কিকে দেখা যাবে সোমদত্তার ভূমিকায়। ছবির অন্যতম বড় আকর্ষণ হলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর উন্মেষ গঙ্গোপাধ্যায়। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিনয়ে হাতেখড়ি হতে চলেছে তাঁর। ছবিতে দিব্যর বন্ধু সোয়েবের চরিত্রে অভিনয় করছেন তিনি। স্কুলজীবন থেকে কলেজ এবং জীবনের তিরিশের কোঠা—এই তিন আলাদা সময়ের প্রেক্ষাপটে সাজানো হয়েছে গল্পটি। ফলে বিক্রম ও শোলাঙ্কিকে জীবনের বিভিন্ন বয়সের চরিত্রে নানা লুকে দেখা যাবে। অভিনয়ের পাশাপাশি এই ছবির হাত ধরে প্রযোজনার জগতেও বড় পদক্ষেপ করেছেন বিক্রম। প্রথম পর্যায়ের শুটিং ইতিমধ্যেই কলকাতার জোকার একটি কলেজে শেষ হয়েছে। আগামী ডিসেম্বর মাসে শুরু হবে দ্বিতীয় দফার শুটিং। সব ঠিকঠাক থাকলে ২০২৭ সালের গ্রীষ্মেই বড় পর্দায় মুক্তি পাবে ‘রাজকন্যা’। অনুরাগ ও মেঘলার এই নতুন অনস্ক্রিন কেমিস্ট্রি বড় পর্দায় কতটা সফল হয়, সেটাই এখন দেখার অপেক্ষা।