২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত-বাংলাদেশ, আর কোন কোন টুর্নামেন্ট পেল দেশ?

ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য এল অত্যন্ত রোমাঞ্চকর এক খবর। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে ভারত ও বাংলাদেশের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। রবিবার (১৫ নভেম্বর) আইসিসির পক্ষ থেকে এই ঘোষণা করা হয়। শুধু তাই নয়, ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের গুরুভারও এসে পড়েছে ভারতের কাঁধেই।
পঞ্চমবার ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত ইতিহাস ঘাঁটলে দেখা যায়, এই নিয়ে পঞ্চমবার ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেতে চলেছে ভারত। এর আগে ১৯৮৭ সালে এককভাবে প্রথমবার এই প্রতিযোগিতার আয়োজন করেছিল দেশ। এরপর ১৯৯৬ সালে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে এবং ২০১১ সালে ফের বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে সঙ্গে নিয়ে সফলভাবে বিশ্বকাপ আয়োজন করে ভারত। সর্বশেষ ২০২৩ সালে একাই সফলভাবে ওয়ানডে বিশ্বকাপের আয়োজন করেছিল আমাদের দেশ। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তবে সেই আক্ষেপ মুছে ঘরের মাঠে ফের বিশ্বকাপ জেতার সুবর্ণ সুযোগ থাকছে রোহিত-কোহলিদের সামনে। ২০৩১ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আগামী ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত।
ঘুরে দাঁড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, আয়োজক ভারত অন্যদিকে, দীর্ঘ ২০০৬ সালের পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেল ভারত। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে টিম ইন্ডিয়া। ফলে ঘরের চেনা পরিবেশে খেতাব ডিফেন্ড করার বিরাট সুযোগ থাকবে দলের সামনে। ২০২৯ সালের ৯ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত এই হাইভোল্টেজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
একনজরে ২০৩৫ সাল পর্যন্ত আইসিসি-র পুরুষদের টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি:
২০২৮ টি-২০ বিশ্বকাপ: ১২ অক্টোবর – ১২ নভেম্বর (আয়োজক: অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড)
২০২৯ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: ৮–১২ জুন (আয়োজক: ইংল্যান্ড)
২০২৯ চ্যাম্পিয়ন্স ট্রফি: ৯–২৮ অক্টোবর (আয়োজক: ভারত)
২০৩০ টি-২০ বিশ্বকাপ: ৪ জুলাই – ৪ অগাস্ট (আয়োজক: ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড)
২০৩১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: ১২–১৬ জুন (আয়োজক: ইংল্যান্ড)
২০৩১ ওয়ানডে বিশ্বকাপ: ৯ অক্টোবর – ২৩ নভেম্বর (আয়োজক: ভারত ও বাংলাদেশ)
২০৩২ টি-২০ বিশ্বকাপ: ১৪ অক্টোবর – ১৪ নভেম্বর (আয়োজক: এখনও চূড়ান্ত নয়)
২০৩৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: ৯–১৩ জুন (আয়োজক: এখনও চূড়ান্ত নয়)
২০৩৩ চ্যাম্পিয়ন্স ট্রফি: ২–২৩ অক্টোবর (আয়োজক: এখনও চূড়ান্ত নয়)
২০৩৪ টি-২০ বিশ্বকাপ: ৬ জুলাই – ৬ অগাস্ট (আয়োজক: এখনও চূড়ান্ত নয়)
২০৩৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: ৭–১১ জুন (আয়োজক: এখনও চূড়ান্ত নয়)
২০৩৫ ওয়ানডে বিশ্বকাপ: ২ অক্টোবর – ১৮ নভেম্বর (আয়োজক: এখনও চূড়ান্ত নয়)
আগামী দিনে ভারতের মাটিতে একের পর এক আইসিসি টুর্নামেন্টের আয়োজন নিশ্চিত হওয়ায় ক্রিকেট মহলে এখন থেকেই ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।