‘সার্কাসের মতো জামাকাপড় পরেন!’ মদন মিত্রকে লক্ষ্য করে কুণাল ঘোষের ‘বিলো দ্য বেল্ট’ মন্তব্য

একসময়ের একই দলের সতীর্থ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে একসঙ্গে রাজনীতি করা দুই হেভিওয়েট নেতা— মদন মিত্র ও কুণাল ঘোষের মুখামুখি সংঘাত এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় খবর। দু’জনই তৃণমূলের পরিচিত মুখ হলেও বর্তমানে তাঁদের বাকযুদ্ধ শালীনতার সমস্ত মাত্রা ছাড়িয়ে গেছে। কুণাল যখন ‘বিলো দ্য বেল্ট’ আক্রমণের অভিযোগ তুলছেন, তখন মদন মিত্রের পালটা তোপ, ‘কুণালের পুরনো অভ্যাস কথা ঘুরিয়ে দেওয়া।’

কোথা থেকে শুরু এই দ্বন্দ্ব? গত শুক্রবার কলকাতার বিবাদি বাগে প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সির মূর্তি উন্মোচন অনুষ্ঠানে হাজির ছিলেন প্রায় সব রাজনৈতিক দলের নেতারাই। সেখানে তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং NCP সাংসদ প্রসূণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যকার কথোপকথন রাজনৈতিক মহলে তীব্র জল্পনার জন্ম দেয়। প্রসূণবাবুর ‘ঘরওয়াপসি’ নিয়ে গুঞ্জন শুরু হলে কুণাল মন্তব্য করেন, ‘ধোপাবাড়ির রাজনীতি প্রসূণদাকে মানায় না। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সৈনিক, ভুল হয়েছে তা উনি স্বীকার করেছেন।’ যদিও প্রসূণ বন্দ্যোপাধ্যায় সেই সম্ভাবনা উড়িয়ে দেন।

আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করেই কুণাল ঘোষকে ‘পাল্টিবাজ’ বলে কটাক্ষ করেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, ‘প্রতি ৩০ সেকেন্ডে কুণাল ঘোষ পাল্টি খান। ওঁর পুলিশের গাড়ি বাজাতেও সময় লাগে না, আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিছু বলতেও সময় লাগে না।’

কুণালের তীব্র ব্যক্তিগত আক্রমণ: মদন মিত্রের এই মন্তব্যের পর সাংবাদিক বৈঠকে মদনকে তুলোধনা করেন কুণাল ঘোষ। তাঁর বিরুদ্ধে কার্যত ‘বিলো দ্য বেল্ট’ ও কদর্য ভাষায় আক্রমণ শানিয়ে কুণাল বলেন, ‘লজ্জা করে না? এত বয়সে সার্কাসের মতো জামাকাপড় আর সানগ্লাস পরে ঘোরেন। তুমি ‘বিলো দ্য বেল্ট’ কাকে বলে জানো? সকালে আমাদের বিরুদ্ধে বক্তব্য রেখে রাতে আবার ফোন করেন, আমি সেই ফোন ধরি।’

কুণাল আরও অভিযোগ করেন, পরিবারের সদস্যদের ইডি (ED) নোটিশ পাঠানোর ভয়েই মদন মিত্র নিজের অবস্থান বদল করছেন। একধাপ এগিয়ে চরম হুঁশিয়ারি দিয়ে কুণাল বলেন, ‘ফালতু ঘাঁটাতে যেও না। ব্যক্তিগত আক্রমণ করলে ২৪ ঘণ্টার মধ্যে মুখ দেখাতে পারবে না। এমন আক্রমণ হানব যে বাড়ি শুদ্ধ কেউ মুখ দেখাতে পারবে না।’

মদন মিত্রের কড়া জবাব: কুণালের এই প্রকাশ্য হুমকির মুখে চুপ থাকেননি কামারহাটির বিধায়কও। চ্যালেঞ্জ ছুড়ে মদন মিত্র বলেন, ‘আমি বুঝতে পারছি না, উনি ‘বিলো দ্য বেল্ট’ বলতে কী বোঝাতে চেয়েছেন? প্যান্ট-জামা যেখান থেকে পরি, তার তলায় মারবে? সেটা খুব অশালীন ব্যাপার হবে। উনি কি বক্সার হয়ে গেলেন নাকি?’

এরপর আরও আক্রমণাত্মক সুরে মদন বলেন, ‘আমার এত অধঃপতন হয়নি যে মানুষকে ছেড়ে কুণাল ঘোষকে আক্রমণ করতে যাব। কারণ, মানুষের সঙ্গে লড়াই করা যায়, কিন্তু চতুষ্পদ কেউ হলে তার সঙ্গে লড়াই করা যায় না।’

সব মিলিয়ে, দুই হেভিওয়েট নেতার এই কাদা ছোড়াছুড়ি ও পারস্পরিক অশ্রাব্য ভাষা প্রয়োগ এখন বাংলার রাজনৈতিক মহলে তীব্র আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।