“তৃণমূল থেকে আসা লোকেরাই…?”-পানিহাটের সংঘর্ষে বিজেপি নেত্রীর স্বামীর মৃত্যু, চরম উত্তেজনা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানিহাটি ১ নম্বর মণ্ডলের বিজেপি যুব মোর্চার সভাপতির বিরুদ্ধে এক ব্যবসায়ীকে মারধর ও তোলাবাজির গুরুতর অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে বিপাকে পড়েন স্থানীয় বিজেপির ১ নম্বর মণ্ডলের সম্পাদক রুমা সাহার স্বামী তথা সক্রিয় বিজেপি কর্মী অরূপ সাহা।
শনিবার রাতে বাজারে কেনাকাটা করতে গিয়ে রুমা সাহা দেখেন কতিপয় বিজেপি কর্মী নিজেদের মধ্যে ঝগড়া করছেন। তিনি সেই ঝামেলা থামাতে গেলে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এরপর তিনি বাড়ি ফিরে এলেও রাতে তাঁকে ফোন করে ফের বাজারে ডেকে পাঠানো হয়। বড়বাজারে কাপড়ের দোকান থাকা অরূপ সাহা স্ত্রীর সঙ্গে সেখানে পৌঁছান। সেখানে ফের বচসা শুরু হলে অরূপ তার তীব্র প্রতিবাদ করেন। অভিযোগ, সেই সময় কয়েকজন যুবক তাঁর বুকে সজোরে ধাক্কা মারেন, যার জেরে তিনি মাটিতে পড়ে যান।
বাড়ি ফেরার পর থেকেই অসুস্থবোধ করতে শুরু করেন অরূপ। বেশ কয়েকবার বমি করার পর তাঁকে দ্রুত সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত কর্মীর স্ত্রীর বিস্ফোরক অভিযোগ
এই মৃত্যুর নেপথ্যে দলেরই একাংশের হাত রয়েছে বলে সোচ্চার হয়েছেন নিহত বিজেপি কর্মীর স্ত্রী রুমা সাহা। তাঁর সরাসরি অভিযোগ, তৃণমূল কংগ্রেস থেকে যেসব ব্যক্তি সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন, মূলত তাঁদের ইন্ধনেই এই হামলা চালানো হয়েছে। দলের ভেতরে ঘাপটি মেরে থাকা দুষ্কৃতীরাই এই ঘটনার জন্য দায়ী বলে দাবি করেছেন তিনি।
মুখ খুললেন বিধায়ক রত্না দেবনাথ
এই পুরো ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তিনি অভিযোগ করেন যে, বর্তমানে তৃণমুলের ছত্রছায়ায় থাকা বহু লোক বিজেপিতে ঢুকে এই ধরনের বিশৃঙ্খলা ও হামলা চালিয়ে যাচ্ছে। দলের অন্দরে সমন্বয়হীনতা এবং সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের কথা তুলে ধরে তিনি বলেন, পানিহাটির পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত।
বিধায়কের বক্তব্য, “তৃণমূলের ছেলেরা ঝামেলা করছিল। পানিহাটি এখন উত্তপ্ত। আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, এই অবস্থা থেকে পানিহাটি মুক্তি চায়। রুমা সাহার পরিবারটা যাতে ভেসে না যায়, সেটা যেন মুখ্যমন্ত্রী দেখেন এবং যত অপরাধী আছে, সবাই যেন সাজা পায়।” সেইসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে জানান যে, ৪ তারিখের পর যারা দলে ভিড়েছে, তারাই এখন বেশি গুরুত্ব ও সহযোগিতা পাচ্ছে, যা দলের পুরনো কর্মীদের কোণঠাসা করে দিচ্ছে।