অন্য পুরুষের নামে করবা চৌথ আর হাতে মেহেন্দি! ১৩ বছরের দাম্পত্যে সিলমোহর পড়ে বড় রায় আদালতের

বিবাহিত সম্পর্ক বজায় রেখেই অন্য এক পুরুষের মঙ্গলকামনায় করবা চৌথের উপবাস রাখা, তাঁর নামের মেহেন্দি পরা এবং তাঁকে স্বামী হিসেবে মেনে নেওয়ার মতো আচরণকে স্পষ্টতই ব্যভিচার এবং মানসিক নিষ্ঠুরতা বলে গণ্য করল আদালত। এই পর্যবেক্ষণের ভিত্তিতেই একটি দম্পতির দীর্ঘ তেরো বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর করেছে রাজস্থানের জয়পুরের একটি পারিবারিক আদালত।

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৩ সালের মে মাসে ওই দম্পতির বিয়ে হয়েছিল। দীর্ঘদিন ধরে চলা পারিবারিক অশান্তি ও কলহের জেরে ২০২৩ সালের জানুয়ারি মাসে জয়পুরের ফ্যামিলি কোর্ট-২ এ বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন স্বামী। মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক বিশাল ভার্গব স্বামীর সেই আবেদন মঞ্জুর করেন। আদালতের পরিষ্কার পর্যবেক্ষণ ছিল, ওই মহিলার সঙ্গে অন্য ওই পুরুষটির সম্পর্ক কেবল সাধারণ বন্ধুত্বের গণ্ডিতে আটকে ছিল না, বরং তা অনেক দূর এগিয়ে গিয়েছিল।

আদালতের নথি অনুযায়ী, প্রথম বৈধ বিয়ে বহাল থাকা সত্ত্বেও ওই মহিলা গোয়ায় গিয়ে ওই ব্যক্তির সঙ্গে বিয়ের শপথ নিয়েছিলেন এবং তাঁর স্ত্রীর মতোই আচরণ করেছিলেন বলে নিজেই স্বীকার করেছেন। শুধু তাই নয়, ওই নির্দিষ্ট পুরুষের নামে হাতে মেহেন্দি পরা এবং করবা চৌথ ব্রত পালন করার মতো বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করেছেন বিচারক।

শুনানি চলাকালীন স্বামীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে, ২০১৯ সাল থেকে টানা চার বছর ধরে তাঁর স্ত্রী শারীরিক সম্পর্কে লিপ্ত হতে সম্পূর্ণ অস্বীকার করে আসছেন। যদিও চার বছরের এই সময়সীমা আদালত পুরোপুরি গ্রাহ্য করেনি, তবে নথিপত্র ও তথ্যপ্রমাণ খতিয়ে দেখে বিচারক জানান যে দম্পতি দীর্ঘদিন ধরে আলাদা বসবাস করছেন। তাছাড়া, দাম্পত্য সম্পর্কে এ ধরনের দীর্ঘ দূরত্ব বজায় রাখাও বর্তমান পরিস্থিতিতে এক ধরণের মানসিক নিষ্ঠুরতা।

পাশাপাশি রায়ে আরও উল্লেখ করা হয়েছে যে, ওই মহিলা নিজের বৈবাহিক দায়িত্ব পালন করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। নাবালক সন্তানের ঠিকমতো দেখভাল না করা এবং শ্বশুরবাড়ির লোকজনের প্রতিও অনুচিত ও অসম্মানজনক আচরণ করার অভিযোগ প্রমাণিত হয়েছে। সবদিক বিবেচনা করে আদালতের অভিমত, স্ত্রীর এমন আচরণে স্বামী চরম মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন। একটি সংসারে পারস্পরিক বিশ্বাস ও মানসিক শান্তিটাই সবচেয়ে বড় কথা, যা এই সম্পর্কে সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। এই সমস্ত যুক্তির ওপর ভিত্তি করেই স্বামীর বিবাহবিচ্ছেদের আর্জি মেনে নেয় আদালত।