মহাপর্ব ছট পুজোয় দেশবাসীকে বিশেষ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর! কী লিখলেন তিনি?

পবিত্র ছট মহাপর্বের সন্ধ্যা অর্ঘ্য উপলক্ষ্যে রবিবার দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকৃতি ও সূর্যদেবের আরাধনার এই বিশেষ দিনে সকলের জীবনে নতুন চেতনা, উদ্যম এবং সমাজে সম্প্রীতি আরও সুদৃঢ় হওয়ার কামনা করেছেন তিনি।
রবিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ (পূর্বতন টুইটার)-এ একটি পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী লেখেন, মহাপর্ব ছটের সন্ধ্যা অর্ঘ্য উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে অসংখ্য শুভেচ্ছা। প্রকৃতি-পূজায় সমর্পিত এই পবিত্র অবসর প্রত্যেকের জীবনে নতুন চেতনা ও স্ফূর্তি নিয়ে আসুক এবং সমাজে সদ্ভাব ও সম্প্রীতিকে আরও গভীর করুক। সূর্যদেবের কৃপায় সকলের জীবন আলোকিত হোক। জয় ছঠি মাইয়া!
উল্লেখ্য, সূর্যদেব এবং ছঠি মাইয়ার আরাধনায় উৎসর্গীকৃত চার দিনব্যাপী এই মহাপর্ব শুরু হয় ‘নহায়-খায়’ রীতির মধ্য দিয়ে। এদিন ভক্তরা পবিত্র স্নান সেরে আতপ চাল, ছোলার ডাল ও লাউ দিয়ে তৈরি ঐতিহ্যবাহী সাত্ত্বিক খাবার গ্রহণ করেন। উৎসবের দ্বিতীয় দিনে পালিত হয় ‘খরনা’। এদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নির্জলা উপবাস রাখার পর সন্ধ্যায় পূজা শেষে গুড়ের পায়েস ও রুটি প্রসাদ হিসেবে গ্রহণ করেন ব্রতীরা। এরপরই শুরু হয় প্রায় ৩৬ ঘণ্টার অত্যন্ত কঠোর নির্জলা উপবাস।
উৎসবের তৃতীয় দিন অর্থাৎ আজ নদী বা জলাশয়ের ঘাটে সমবেত হয়ে অস্তগামী সূর্যকে ‘সন্ধ্যা অর্ঘ্য’ নিবেদন করেন ভক্তরা। আগামীকাল ভোরে উদীয়মান সূর্যকে ‘ঊষা অর্ঘ্য’ নিবেদন এবং ‘পারণ’-এর মাধ্যমে উপবাস ভঙ্গ করে চার দিনের এই পবিত্র উৎসবের সমাপ্তি ঘটবে। পবিত্রতা, ভক্তি ও কৃতজ্ঞতার প্রতীক এই উৎসবে পরিবারের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের কামনায় প্রার্থনা করেন ধর্মপ্রাণ মানুষেরা।