লখনউ নয়, খোদ আমেরিকার আকাশে মহাপ্রলয়! রাউটার বিভ্রাটে স্তব্ধ ২০ হাজার ফ্লাইট, চরম আতঙ্কে লাখ লাখ যাত্রী।

প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের দৈনন্দিন জীবন ও কাজকর্ম যতই সহজ হোক না কেন, সামান্য একটি যান্ত্রিক ত্রুটি যে কতটা বড় বিপর্যয় ডেকে আনতে পারে, তার সাম্প্রতিক প্রমাণ মিলল আমেরিকার আকাশে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রে এক মারাত্মক প্রযুক্তিগত ত্রুটির জেরে বড় ধরনের বিমানন সংকট তৈরি হয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (FAA) এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) সিস্টেম হঠাৎ কাজ বন্ধ করে দেওয়ায় প্রায় ৫ ঘণ্টা ধরে সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে মার্কিন আকাশপথ। এই ভয়াবহ বিপর্যয়ের ফলে ২০ হাজারের বেশি ফ্লাইট মারাত্মকভাবে প্রভাবিত হয়, যার জেরে দেশটির প্রধান বিমানবন্দরগুলিতে সৃষ্টি হয় নজিরবিহীন হাহাকার ও বিশৃঙ্খলা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মার্কিন সরকারি ঠিকাদার সংস্থা ‘L3Harris’-এর ইনস্টল করা একটি একক রাউটারে ত্রুটির কারণেই এই বিপর্যয় ঘটে। মার্কিন পরিবহণ মন্ত্রী শীন ডাফির মতে, পুরোনো কপার ওয়্যারের পরিবর্তে ফাইবার অপটিক কেবল লাগানোর কাজ চলাকালীন এই সমস্যার সৃষ্টি হয়। ত্রুটিপূর্ণ রাউটারটি প্রতি ৪-৫ সেকেন্ডে অন্য রাউটারগুলিকে ১০০০-এর বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠাতে শুরু করে, যার ফলে যোগাযোগের পরিকাঠামো ভেঙে পড়ে এবং রডার ডেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর জেরে এফএএ-র ২২টি এন-রুট সেন্টারের মধ্যে ১৭টি অচল হয়ে পড়ে এবং বাধ্য হয়ে দেশজুড়ে ‘গ্রাউন্ড স্টপ’ জারি করতে হয়।

সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, মার্কিন এভিয়েশন সেক্টরের এই ভঙ্গুর দশার নেপথ্যে রয়েছে চরম পরিকাঠামোগত পিছিয়ে পড়া। এফএএ যে রাউটারগুলি পরিবর্তন করছিল, সেগুলি প্রায় ২৫ বছরের পুরোনো এবং ২০০৬ সালের মধ্যেই বদলে ফেলা উচিত ছিল। শুধু তাই নয়, এখনও আমেরিকার ৪০০টিরও বেশি এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারে আবহাওয়া ও অন্যান্য তথ্যের জন্য প্রাচীন ফ্লপি ডিস্ক এবং ইবে (eBay) থেকে যন্ত্রাংশ কিনে পুরোনো কম্প্যাক কম্পিউটার ব্যবহার করা হয়। এই ঘটনা মার্কিন বিমান পরিকাঠামোর বেহাল দশা এবং পুরনো প্রযুক্তির ওপর অন্ধ নির্ভরতাকে আবারও বিশ্বের সামনে উন্মোচন করেছে।