‘আমার নাম করে টাকা চাইলে সরাসরি জানান, যত বড় নেতাই হোক ছাড়ব না!’ তোলাবাজি রুখতে রণংদেহী স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রাজ্যে তোলাবাজি ও দুর্নীতি ইস্যুতে এবার প্রকাশ্যে সরব হচ্ছেন শাসক দল বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরাও। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আগেই দলের নাম ভাঙিয়ে তোলাবাজির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছিলেন। সম্প্রতি রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তও অকপটে স্বীকার করে নিয়েছেন যে রাজ্যে এখনও তোলাবাজি চলছে এবং তা বন্ধ না হলে সাধারণ মানুষের আস্থা পুরোপুরি ফেরানো সম্ভব নয়। এবার সেই একই সুরে সুর মিলিয়ে তোলাবাজি ও দাদাগিরির বিরুদ্ধে চরম হুঁশিয়ারি দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার।
সম্প্রতি হুগলির বলাগড় বিধানসভা এলাকায় আয়োজিত একটি অনুষ্ঠান থেকে দলীয় কর্মী ও স্থানীয় নেতাদের উদ্দেশে অত্যন্ত কড়া বার্তা দেন সুমনা সরকার। মঞ্চ থেকেই তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, দুর্নীতি ও তোলাবাজির ক্ষেত্রে সরকার ও দল ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। কোনোভাবেই কোনো অনৈতিক কাজ বরদাস্ত করা হবে না। এমনকি তাঁর নাম বা দলের নাম ব্যবহার করে কেউ সাধারণ মানুষের কাছ থেকে টাকা চাইলে, ভয় না পেয়ে সরাসরি তাঁর কাছে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন মন্ত্রী।
নিজের অবস্থানে অনড় থেকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, “দুর্নীতির প্রশ্নে কোনো আপস নয়, একেবারে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। কোনো দুর্নীতি করা যাবে না। বলাগড় বিধানসভা কেন্দ্রের যে যত বড় মাপেরই নেতা হোন না কেন, আমি কোনো দুর্নীতি করতে দেব না। এই দুর্নীতি বন্ধ করতে গেলে আমাকে যতদূর নামতে হয়, আমি ততদূর নেমে এর বিরুদ্ধে লড়াই করব।”
তোলাবাজি ও স্থানীয় স্তরে দাদাগিরির বিরুদ্ধে রণংদেহী মেজাজে সুমনা সরকার আরও জানান, সাধারণ মানুষ বা ব্যবসায়ীদের ওপর কোনো রকম জুলুমবাজি তিনি মেনে নেবেন না। মন্ত্রীর কথায়, “কেউ তোলাবাজি করবে, কেউ দাদাগিরি করবে, কেউ মস্তানি করবে, তা আমি কোনোভাবেই মেনে নেব না। প্রয়োজনে আমি প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে যাব। হাতে মাইক নিয়ে সকলকে বলে আসব যে, কোনো নেতা—সে যেই হোক না কেন—যদি আমার নাম করে বা পার্টির নাম ভাঙিয়ে আপনাদের কাছে টাকা চায়, তবে সরাসরি আমাকে জানাবেন। যদি কেউ বলে যে সরকারি ঘর পাইয়ে দেব টাকা দিন, কিংবা জমি কিনেছেন বলে টাকা দিতে হবে, অথবা অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা পাইয়ে দেব বলে টাকা চায়—তা সে যত বড় মাপের নেতাই হোক, আমাকে সরাসরি জানাবেন। ব্যবসায়ীদের কাছে তোলা চাওয়া হলে তাও আমি মানব না।”
উল্লেখ্য, এর ঠিক আগেই রাজ্যের তোলাবাজি সংস্কৃতি নিয়ে বিস্ফোরক ও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাস্তব পরিস্থিতি মেনে নিয়ে তিনি বলেছিলেন, “আমি এটা জানি, অস্বীকার করব না। আর এটা অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার। তোলাবাজি যতদিন পশ্চিমবঙ্গে থাকবে, ততদিন মানুষের আস্থা পুরোপুরি ফেরত আসবে না। তাই রাজনৈতিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে—সব দিক থেকে দেখতে গেলে আমাদের এটা বন্ধ করতেই হবে। আমি ব্যক্তিগতভাবে আমার বিধানসভা কেন্দ্রে কিছুটা বন্ধ করতে পারলেও, ১০০ শতাংশ পারিনি। আসলে এটা একটা খারাপ অভ্যাস হয়ে গিয়েছে, যেখান থেকে আমাদের বেরোতেই হবে।” পরপর মন্ত্রীদের এই কড়া অবস্থানে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।