প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস! জাপান মাস্টার্স জিতে বিশ্বমঞ্চে ত্রাস সৃষ্টি করলেন লক্ষ্য সেন

ব্যাডমিন্টনের বিশ্বমঞ্চে ফের ভারতের নাম উজ্জ্বল করলেন তারকা শাটলার লক্ষ্য সেন। প্রথম ভারতীয় হিসেবে জাপান মাস্টার্স সুপার ৫০০ খেতাব জিতে এক ঐতিহাসিক নজির গড়লেন তিনি। রবিবার রোমাঞ্চকর ফাইনালে জাপানের ঘরের ছেলে কোকি ওয়াতানাবেকে হারিয়ে এই মুকুট অর্জন করেন লক্ষ্য। ১ ঘণ্টা ৪ মিনিটের এই তুমুল লড়াইয়ে প্রথম গেম হাতছাড়া হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ১৩-২১, ২১-১৮, ২১-১৪ গেমে ম্যাচ জিতে নেন ভারতীয় শাটলার। ফাইনালে শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি। জাপানি শাটলার কোকি ওয়াতানাবের বিরুদ্ধে প্রথম গেমটি ১৩-২১ ব্যবধানে হেরে যান লক্ষ্য। তবে অভিজ্ঞতার পরিচয় দিয়ে দ্বিতীয় গেমে দারুণভাবে কামব্যাক করেন এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২১-১৮ ব্যবধানে জিতে খেলায় সমতা ফেরান। নির্ণায়ক তৃতীয় গেমে শুরু থেকেই নিজের আধিপত্য বিস্তার করেন লক্ষ্য। বিরতির সময় ১১-৭ ব্যবধানে এগিয়ে থেকে প্রতিপক্ষকে পুরোপুরি দমে যেতে বাধ্য করেন তিনি। শেষ পর্যন্ত দুর্দান্ত স্ম্যাশ ও নিখুঁত রিটার্নের সুবাদে ২১-১৪ ব্যবধানে গেম ও ম্যাচ পকেটে পুড়ে ইতিহাস লেখেন। উল্লেখ্য, সেমিফাইনালে ইন্দোনেশিয়ার আলউয়ি ফারহানকে তিন গেমের লড়াইয়ে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছিলেন তিনি।এই জয়ের ফলে লক্ষ্য সেনের ঝুলিতে যুক্ত হয়েছে ৯,২০০ মূল্যবান র্যাঙ্কিং পয়েন্ট। যা আগামী ৯ থেকে ১৩ ডিসেম্বর চিনের হাংঝাউতে অনুষ্ঠিত হতে চলা মর্যাদাপূর্ণ বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের দৌড়ে তাঁর পথ অনেকটাই প্রশস্ত করল। বর্তমানে ওয়ার্ল্ড ট্যুর র্যাঙ্কিংয়ে ১২তম স্থানে থাকা লক্ষ্য এই জয়ের মাধ্যমে শীর্ষ আটে জায়গা পাকা করার অত্যন্ত কাছাকাছি পৌঁছে গেলেন। এর আগে কিছুদিন আগেই জার্মানিতে হাইলো ওপেন জিতেছিলেন তিনি। ফাইনালে ইন্দোনেশিয়ার জোনাথান ক্রিস্টিকে হারিয়ে কেরিয়ারের সপ্তম বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর খেতাব জিতেছিলেন লক্ষ্য। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই জাপান মাস্টার্স জয়ের মাধ্যমে তিনি মরশুমে নিজের অসামান্য ফর্মের প্রমাণ দিলেন। গত বছর এই টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছেও জাপানেরই কেন্টা নিশিমোতোর কাছে হেরে বিদায় নিতে হয়েছিল লক্ষ্যকে। এ বছর সেই সমস্ত আক্ষেপ মুছে ঠিক যেন ট্রফি জিতে প্রতিশোধ নিলেন এই ভারতীয় শাটলার।