মোদি-শুভেন্দুর ছবিতে এনসিপিআই-এর বিশাল গেট! তৃণমূল কাউন্সিলরের স্বামীর কাণ্ডে তুলকালাম বোলপুর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে তৈরি এনসিপিআই-এর (NCPI) বিশাল গেট ও ব্যানার ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়াল বীরভূমের বোলপুরে। ছটপুজো ও জগদ্ধাত্রী পুজো উপলক্ষে শহরের বিভিন্ন প্রান্তে এই ব্যানারগুলি লাগানো হয়েছিল। আর এর নেপথ্যে রয়েছেন বোলপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী তথা বিতর্কিত তৃণমূল নেতা বাবু দাস। এই ঘটনার পরই আসরে নামে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা। অভিযোগ, রাজনৈতিক ফায়দা তুলতেই প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা হয়েছে। এরপরই বিজেপি যুব মোর্চার কর্মীরা শহরে লাগানো ওই সমস্ত ব্যানার ও গেটগুলি জোরপূর্বক খুলে দেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মন্ত্রী চন্দ্রনাথ সিংহের অতি ঘনিষ্ঠ এবং দলের সক্রিয় নেতা হিসেবে পরিচিত বাবু দাস অতীতে বিভিন্ন বিতর্কে জড়িয়েছিলেন। ভোট-পরবর্তী হিংসার জেরে তাঁর জেলযাত্রার ইতিহাসও রয়েছে। বর্তমানে জামিনে মুক্ত থাকা এই তৃণমূল নেতার নতুন পরিচয় ঘিরে শুরু হয়েছে চর্চা। সম্প্রতি এনসিপিআই-তে যোগ দেওয়ার পরই তাঁর উদ্যোগে বোলপুর শহরজুড়ে ছট ও জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানিয়ে বিশাল সব তোরণ ও ব্যানার তৈরি করা হয়। সেখানে একদিকে যেমন স্থানীয় রাজনৈতিক সমীকরণের ছাপ ছিল, তেমনই অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শুভেন্দু অধিকারীর ছবি ব্যবহার করায় শুরু হয় আসল বিতর্ক।

বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি শম্ভুনাথ রায় এই ঘটনার তীব্র নিন্দা করে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তিনি বলেন, “বাবু দাস একসময় এলাকায় দুষ্কর্মে যুক্ত ছিল এবং প্রকাশ্যে বিজেপি কর্মীদের হুমকি দিয়েছিল। আজ সে এনসিপিআই-এর ব্যানার লাগিয়ে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে। আমরা বোলপুরে এই ধরনের অবৈধ ও উদ্দেশ্যপ্রণোদিত ব্যানার এক মুহূর্তের জন্যও বরদাস্ত করব না।” বিজেপির পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, পৌরসভার কোনো রকম অনুমতি না নিয়েই সম্পূর্ণ বেআইনিভাবে এই তোরণগুলি নির্মাণ করা হয়েছিল।

অন্যদিকে, গোটা এই বিতর্কের মুখে পড়ে নিজের সাফাই দিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা বাবু দাস। তাঁর দাবি, “দেশ ও রাজ্যের প্রধানমন্ত্রী বা নেতৃত্বর ছবি সকলের জন্যই প্রযোজ্য। উৎসবের মরশুমে শুভেচ্ছা জানানোর জন্য ব্যানার দেওয়া হয়েছে। এতে যদি কারোর বা কোনো দলের আপত্তি থাকে, তবে তাতে আমার কিছু করার নেই।” সব মিলিয়ে, পুজোর মরশুমের রেশ কাটতে না কাটতেই রাজনৈতিক ব্যানার ও তোরণ বিতর্ককে কেন্দ্র করে বোলপুরের বাতাসে এখন রাজনীতির পারদ চড়ে রয়েছে। পুলিশ পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে।