লাগাড়িতে সবজি বেচে সংসার চলে, তার নামেই এল ৩১ লক্ষ টাকার জিএসটি নোটিশ! নেপথ্যে কী ভয়ঙ্কর কাণ্ড?

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাড়ায় পাড়ায় ঠেলাগাড়িতে সবজি বিক্রি করে কোনওমতে সংসার চালান ওয়াসিম। অভাবের সংসারে হাল ধরতে তাঁর বৃদ্ধ বাবা-মাও বাড়িতে বসে বিড়ি বাঁধেন। নুন আনতে পান্তা ফুরোনো সেই দিনমজুর যুবকের কাছেই এবার এসে পৌঁছল প্রায় ৩১ লক্ষ টাকার বকেয়া জিএসটি নোটিশ! সরকারি দফতরের এই নোটিশ হাতে পেয়ে রীতিমতো মাথায় আকাশ ভেঙে পড়েছে তামিলনাড়ুর ভেলোর জেলার গুড়িয়াথাম এলাকার তারানামপেট্টির বাসিন্দা ওয়াসিমের।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ওয়াসিম জানিয়েছেন, গত ১২ নভেম্বর জিএসটি বিভাগ থেকে তাঁর বাড়িতে একটি আইনি নোটিশ আসে। সেই নোটিশে উল্লেখ করা হয়েছে যে, তাঁর নথিপত্র ব্যবহার করে প্রায় ৭.৫ কোটি টাকার বিপুল ব্যবসায়িক লেনদেন করা হয়েছে। আর সেই ব্যবসার কর বাবদ তাঁর কাছ থেকে ৩০.৯২ লক্ষ টাকা জিএসটি মেটানোর দাবি জানানো হয়েছে। সামান্য ঠেলাগাড়ির সবজি বিক্রেতা হয়ে এত বিপুল অঙ্কের লেনদেনের কথা শুনে স্তম্ভিত হয়ে যান তিনি।
কীভাবে ঘটল এই ঘটনা? বিষয়টি নিয়ে তলিয়ে ভাবতেই প্রতারণার বিষয়টি বুঝতে পারেন ওয়াসিম। দেরি না করে তিনি সোজা গুড়িয়াথাম থানার দ্বারস্থ হন এবং লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশকে ওয়াসিম জানান, মাসখানেক আগে চাকরির প্রলোভন দেখিয়ে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল। ভালো কাজের আশায় সরল বিশ্বাসে তিনি ওই ব্যক্তিদের হাতে নিজের প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি এবং ফোনে আসা একটি ওটিপি তুলে দিয়েছিলেন।
ওয়াসিমের অভিযোগ, প্রতারক চক্রটি তাঁর সেই গুরুত্বপূর্ণ নথিপত্র হাতিয়ে নিয়ে ভুয়ো সংস্থা খুলে কোটি কোটি টাকার বেআইনি লেনদেন চালিয়েছে। পুলিশ অভিযোগটি গ্রহণ করার পাশাপাশি ভেলোর জেলার পুলিশ সুপারের দফতরেও বিষয়টি জানানোর পরামর্শ দিয়েছে। জরুরি নথি অপব্যবহারকারী প্রতারকদের দ্রুত গ্রেফতার করে তাঁকে এই বিপদ থেকে মুক্তি দেওয়ার আর্জি জানিয়েছেন অসহায় ওই যুবক।