প্রেমিকা ছেড়ে যেতেই ভয়ঙ্কর প্রতিশোধ! ভিডিও কলে ডেকে যুবক যা দেখালেন, আঁতকে উঠল গোটা যাদবপুর

সম্পর্কে ফাটল ধরায় বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন লিভ-ইন সঙ্গী। আর সেই আক্রোশেই প্রেমিকার দুই পোষ্য সারমেয়কে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শিউরে ওঠার মতো এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার যাদবপুরের বিক্রমগড় এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা অঞ্চলে। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে আটক করেছে যাদবপুর থানার পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিক্রমগড়ের একটি ফ্ল্যাটে পরী নভা নামে এক তরুণীর সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকতেন সঞ্জীব ভট্টাচার্য। তাঁদের ফ্ল্যাটে বেশ কয়েকটি পোষ্য সারমেয় ছিল। সম্প্রতি দু’জনের সম্পর্কের অবনতি হওয়ায় শুক্রবার পাকাপাকিভাবে ওই ভাড়া বাড়ি ছেড়ে চলে যান পরী। তবে তাঁর পোষ্যগুলি ওই ফ্ল্যাটেই ছিল। অভিযোগ, শনিবার পরীকে ভিডিও কল করেন সঞ্জীব। সেই ভিডিও কলেই পরী দেখতে পান, তাঁর একটি পোষ্য সারমেয়কে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।

এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন তরুণী। তড়িঘড়ি তিনি স্থানীয় এক পরিচিত যুবককে ফোন করে ফ্ল্যাটে যাওয়ার অনুরোধ জানান। ওই যুবক ফ্ল্যাটে পৌঁছে দেখেন, একটি নয়, পরীর দুটি পোষ্য সারমেয়কেই নৃশংসভাবে খুন করা হয়েছে এবং গোটা ফ্ল্যাটের মেঝে রক্তে ভেসে যাচ্ছে। মুহূর্তের মধ্যে এই খবর এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান অভিনেত্রী তথা পশুপ্রেমী দেবলীনা দত্ত। তিনি বিষয়টি নিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গেও যোগাযোগ করেন এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের আর্জি জানান। পরে যাদবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সঞ্জীবকে আটক করে। পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন।

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদি এলাকায় কালীপুজোর বিচিত্রানুষ্ঠানকে কেন্দ্র করে বিবাদের জেরে রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ, শুক্রবার বাড়ি ফেরার পথে মিঠুন মণ্ডল নামে এক যুবকের ওপর পিছন থেকে লোহার রড নিয়ে অতর্কিতে হামলা চালান প্রতিবেশী রবীন নস্কর। মাথায় একাধিকবার আঘাত করায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মিঠুন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন। পুজোর বিচিত্রানুষ্ঠান ঘিরে বচসার জেরেই এই হামলা বলে অভিযোগ। আক্রান্ত যুবক ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।