আড়াই কেজি সোনা, ২৬ লক্ষ নগদ! মধ্যপ্রদেশে দুর্নীতি দমন শাখার অভিযানে ফাঁস ‘কুবের’ অফিসারের কীর্তি

মধ্যপ্রদেশের এক সরকারি আধিকারিকের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অঘোষিত সম্পদের হদিস পেল রাজ্যের দুর্নীতি দমন শাখা। অভিযুক্ত ওই আধিকারিক মধ্যপ্রদেশের একটি বাঘ সংরক্ষণ কেন্দ্রের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। তল্লাশি অভিযানে তাঁর প্রায় ৭ কোটি ৬০ লক্ষ টাকার সম্পদের হিসাব মিলেছে, যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ তদন্তকারীদের।

দুর্নীতি দমন শাখা সূত্রে খবর, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতেই ওই সরকারি আধিকারিকের বাসভবনে হানা দেন গোয়েন্দারা। দীর্ঘক্ষণ ধরে চলা এই তল্লাশি অভিযানে বাড়ির বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হয়েছে প্রায় ২.৫ কেজি সোনা এবং ১.৬ কেজি রুপোর গয়না ও সামগ্রী। এছাড়াও, নগদ ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ বাজেয়াপ্ত করা হয়েছে।

সরকারি চাকরির আড়ালে কীভাবে তিনি এত বিপুল পরিমাণ অর্থ ও সম্পত্তির মালিক হলেন, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন শাখা। উদ্ধার হওয়া নথিপত্র এবং সম্পত্তির হিসাব খতিয়ে দেখা হচ্ছে। আয় বহির্ভূত সম্পত্তি মামলার জেরে আগামী দিনে ওই আধিকারিকের বিরুদ্ধে আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলেই প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।