স্ত্রীর সঙ্গে বিচ্ছেদই কাল! নগ্ন ছবির ফাঁদে পা দিয়ে দেশের অতি গোপন তথ্য পাকিস্তানে পাঠালেন আইএএফ আধিকারিক?

গভীর রাতে হোয়াটসঅ্যাপে আসা একটি অপরিচিত মেসেজ এবং ব্যক্তিগত জীবনে বিবাহবিচ্ছেদের জেরে তৈরি হওয়া তীব্র একাকিত্ব—এই দুইয়ের সুযোগ নিয়েই ভারতীয় বায়ুসেনার (IAF) এক উইং কমান্ডারকে নিখুঁত ‘হানি ট্র্যাপ’-এ ফাঁসিয়েছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা। দেশের নিরাপত্তা সংক্রান্ত অত্যন্ত সংবেদনশীল তথ্য, বায়ুসেনা ঘাঁটির অবস্থান, যুদ্ধবিমানের বিন্যাস এবং ড্রোনের সক্ষমতা সংক্রান্ত গোপন নথি পাচারের অভিযোগে ইতিমধ্যেই ওই আধিকারিককে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট (OSA)-এর আওতায় গ্রেফতার করা হয়েছে। দিল্লি পুলিশের সন্ত্রাসদমন শাখা এই ঘটনায় আদালতে চার্জশিটও পেশ করেছে।

তদন্ত সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত হয় গভীর রাতে ওই বায়ুসেনার অফিসারের ফোনে আসা একটি অদ্ভুত হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে। এক মহিলা নিজেকে মানসিক সমস্যার মুখোমুখি দাবি করে ভালো মনোরোগ বিশেষজ্ঞ বা থেরাপিস্টের খোঁজ করেন। শুরুতে উইং কমান্ডার ভুল নম্বরে মেসেজ আসার কথা জানালেও, অপর প্রান্ত থেকে জানানো হয় যে তিনি বিবাহবিচ্ছেদের মধ্য দিয়ে যাচ্ছেন এবং চরম মানসিক অবসাদে ভুগছেন। কাকতালীয়ভাবে ওই উইং কমান্ডার নিজেও তখন স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের আইনি প্রক্রিয়ার মধ্যে ছিলেন এবং একা থাকতেন। এই মানসিক মিল ও সহমর্মিতাকে হাতিয়ার করেই পাতা হয় সর্বনাশা ফাঁদ।

পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে দুজনের নিয়মিত কথোপকথন অত্যন্ত ব্যক্তিগত ও ঘনিষ্ঠ স্তরে পৌঁছে যায়। একপর্যায়ে তা নগ্ন ছবি বিনিময় পর্যন্ত গড়ায়। তদন্তকারীদের জোরালো সন্দেহ, অপর প্রান্তে থাকা মহিলা আসলে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার একজন এজেন্ট বা পিআইও (PIO), যিনি সুনির্দিষ্ট পরিকল্পনা করে ওই আধিকারিকের পারিবারিক ও মানসিক পরিস্থিতির সুযোগ নিয়েছিলেন। নগ্ন ছবি ও ঘনিষ্ঠতার ফাঁদে ফেলে উইং কমান্ডারকে দিয়ে একে একে কর্মস্থলের ভিতরের এলাকা, বায়ুসেনা ঘাঁটি, সামরিক মহড়ার পরিকল্পনা এবং অতি সংবেদনশীল স্থানাঙ্ক বা কো-অর্ডিনেটের ছবি ও তথ্য পাচার করানো হয়। এমনকি নিজের অফিসের টেবিলে অতি গোপনীয় নথি ছড়ানো অবস্থায় ছবি তুলেও তিনি পাঠিয়েছিলেন।

বিষয়টি কেবল তথ্য আদানপ্রদানে আটকে থাকেনি; একটি ছবি দেখার নাম করে ওই পাক গুপ্তচর উইং কমান্ডারের ফোনে একটি ক্ষতিকর অ্যাপ্লিকেশন বা ম্যালওয়্যার পাঠিয়ে দেয়। সেটি ডাউনলোড হতেই ওই আধিকারিকের ফোনের সমস্ত গোপন তথ্য এবং অন্যান্য সেনা আধিকারিকদের সঙ্গে তাঁর কথোপকথনের নিয়ন্ত্রণ চলে যায় পাক গোয়েন্দাদের হাতে। তদন্তে প্রকাশ পেয়েছে যে দুজনের মধ্যে তিন হাজারের বেশি টেক্সট মেসেজ, ষাটেরও বেশি ছবি এবং একাধিক ভিডিও কল ও লিঙ্ক আদানপ্রদান হয়েছিল। বায়ুসেনার নিজস্ব অভ্যন্তরীণ নজরদারিতে এই দেশবিরোধী কার্যকলাপ ধরা পড়ার পর দিল্লি পুলিশের তৎপরতায় এই চাঞ্চল্যকর গুপ্তচরবৃত্তির জাল ছিন্ন হয়।