আইপিএলের সেঞ্চুরিয়ান থেকে দেশের কনিষ্ঠতম ক্যাপ্টেন! কে এই বিস্ময় বালক বৈভব?

ক্রিকেট বিশ্বে নতুন ইতিহাস সৃষ্টি করলেন উদীয়মান বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সে প্রথম শ্রেণির ও টি-২০ ক্রিকেটে দলকে নেতৃত্ব দিয়ে নজির গড়লেন এই তরুণ ক্রিকেটার। শনিবার ইন্দোরে অনুষ্ঠিত সৈয়দ মুশতাক আলি টি-২০ টুর্নামেন্টে বিহার দলের অধিনায়ক হিসেবে মাঠে নেমে বিশ্ব ক্রিকেটে এক অনন্য অধ্যায় রচনা করলেন তিনি। টি-২০ ক্রিকেটের ইতিহাসে এত কম বয়সে কোনো দলকে নেতৃত্ব দেওয়ার এমন ঘটনা নজিরবিহীন।

এদিন গ্রুপ বি-র ম্যাচে সৌরাষ্ট্রের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বিহার। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে মাঠে নামলেও ব্যাট হাতে অবশ্য বড় রান পাননি বৈভব। সৌরাষ্ট্রের অভিজ্ঞ পেসার চেতন সাকারিয়ার বলে আউট হওয়ার আগে তিনি ১২ বলে ১৮ রান করেন। তাঁর ইনিংসে ছিল ২টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারি। অলোক কুমারের সঙ্গে ওপেন করতে নামা ১৫ বছরের এই কিশোর অধিনায়ক এদিন নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করলেও বড় ইনিংস খেলতে পারেননি। প্রতিপক্ষ সৌরাষ্ট্র দলের নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ জয়দেব উনাদকট।

উল্লেখ্য, এর আগেও নিজের অবিশ্বাস্য পারফরম্যান্সের মাধ্যমে বারবার খবরের শিরোনামে এসেছেন বৈভব। মাত্র ১৪ বছর ৩২ দিন বয়সে আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের হয়ে মাত্র ৩৮ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলে পুরুষদের টি-২০ ক্রিকেটে সর্বকনিষ্ঠ শতরানকারী হন তিনি। শুধু তাই নয়, মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে আইপিএলের দ্রুততম শতরানের তালিকায় দ্বিতীয় স্থানও দখল করেন এই বাঁ-হাতি ব্যাটার। এছাড়া ১৪ বছর ২৭২ দিন বয়সে বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ৮৪ বলে ১৯০ রান করে লিস্ট এ ক্রিকেটেও সর্বকনিষ্ঠ শতরানকারী হওয়ার রেকর্ড গড়েন। সেই ইনিংসে ৩৬ বলে সেঞ্চুরি এবং ৫৯ বলে দেড়শ রান করে বিশ্বরেকর্ড গড়েন বৈভব।

চলতি বছরের আইপিএলে ৭২টি ছক্কা হাঁকিয়ে ক্রিস গেইলের এক মরসুমে ৫৯টি ছক্কার পুরনো রেকর্ড ভেঙে দেন তিনি। একই সঙ্গে ৭৬৬ রান সংগ্রহ করে জিতে নেন অরেঞ্জ ক্যাপ। আন্তর্জাতিক ক্রিকেটেও সর্বকনিষ্ঠ ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে টি-২০ অভিষেকের রেকর্ড রয়েছে তাঁর নামের পাশে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে টুর্নামেন্টের সেরা নির্বাচিত হওয়া বৈভব অল্প বয়সেই ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় ভরসা ও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।