তারাপীঠের মহাশ্মশানে ভক্তিভরে ট্রেলার লঞ্চ! বড়পর্দায় আসছে ‘সাধক বামাক্ষ্যাপা’

সাধক বামাক্ষ্যাপার জীবন ও সাধনাকে পর্দায় ফুটিয়ে তোলার উদ্দেশ্যে প্রথাগত শহুরে প্রচারের পথ এড়িয়ে এক সম্পূর্ণ আধ্যাত্মিক ও ঐতিহ্যবাহী আয়োজনের সাক্ষী থাকল তারাপীঠ। এসভিএফ এন্টারটেইনমেন্ট (SVF Entertainment) ও ফলো ফোকাস ফিল্মসের যৌথ প্রযোজনায় এবং সায়ন্তন ঘোষালের পরিচালনায় আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’। ছবির ট্রেলার প্রকাশের জন্য কোনো বিলাসবহুল হোটেল বা মাল্টিপ্লেক্স নয়, বরং বেছে নেওয়া হয়েছিল খোদ তারাপীঠের মহাশ্মশানকে। যা এই প্রচারকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে।
শুক্রবার সকালে রামপুরহাট হয়ে তারাপীঠ মন্দিরে পৌঁছান ছবির সঙ্গে যুক্ত কলাকুশলীরা। মন্দিরে মা তারার পুজো ও ভাণ্ডারার আয়োজনের পর, ছবির মুখ্য অভিনেতা তথা চিত্রনাট্যকার সব্যসাচী চৌধুরী এবং পরিচালক সায়ন্তন ঘোষালসহ পুরো টিম পৌঁছায় আটলা গ্রামে। সেখানে সাধক বামাক্ষ্যাপার পৈতৃক ভিটে ও তাঁর স্মৃতিবিজড়িত বাড়ি ঘুরে দেখেন তাঁরা। সাধকের প্রতিষ্ঠিত মূর্তি এবং ইতিহাসের ছোঁয়ায় সমৃদ্ধ এই স্থানগুলি ছবির আবেগকে আরও গভীর করে তোলে।
দিনের মূল আকর্ষণ ছিল তারাপীঠ মহাশ্মশানে সন্ধ্যার অনুষ্ঠান। বাউল শিল্পী শ্যাম খ্যাপা ও তাঁর দলের পরিবেশন করা বামাক্ষ্যাপাকে কেন্দ্র করে বাঁধা বিশেষ গান দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মনোময় ভট্টাচার্য, সত্যজিৎ দেবরায় ও পার্থসারথীর ভক্তিমূলক সংগীতের সুরে মহাশ্মশানের সন্ধ্যা এক ঐশ্বরিক রূপ নেয়। শোকের আবহে সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত উপস্থিত থাকতে না পারলেও, শঙ্খদীপ বন্দ্যোপাধ্যায়সহ উপস্থিত সমস্ত শিল্পীদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। মহাশ্মশানের মঞ্চ থেকেই প্রকাশ্যে আসে ছবির বহুল প্রতীক্ষিত ট্রেলার।
সব্যসাচী চৌধুরীকে নামভূমিকায় রেখে তৈরি এই ছবিতে আরও অভিনয় করেছেন পায়েল দে, সাহেব চট্টোপাধ্যায়, শঙ্খদীপ বন্দ্যোপাধ্যায় এবং মনালিসা চট্টোপাধ্যায়। ট্রেলার প্রকাশের পর মহাশ্মশানে ফের শুরু হয় বাউল গানের আসর, যা বাংলার লোকসংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে সিনেমার এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছে। নির্মাতাদের এই ব্যতিক্রমী উদ্যোগ প্রমাণ করে যে, ‘সাধক বামাক্ষ্যাপা’ কেবল একটি জীবনীচিত্র নয়, বরং এটি তারাপীঠের মাটি ও মানুষের বিশ্বাসের প্রতি এক বিনম্র শ্রদ্ধার্ঘ্য। আগামী সপ্তাহে বড়পর্দায় এই আধ্যাত্মিক যাত্রার সাফল্য এখন দেখার অপেক্ষা।