টিম থেকে আউটলুক সব বন্ধ! মাইক্রোসফটের টেকনিক্যাল গ্লিচে শিকেয় উঠল সরকারি পরিষেবাও!

শুক্রবার বিশ্বজুড়ে মাইক্রোসফটের পরিষেবা হঠাৎ ভেঙে পড়ায় প্রযুক্তি জগতে এক অভূতপূর্ব চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিশ্বের প্রায় ৭০টি দেশে ছড়িয়ে পড়া এই ভয়াবহ প্রযুক্তিগত বিপর্যয়ের জেরে চরম ভোগান্তির শিকার হয়েছেন লক্ষ লক্ষ সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে একাধিক আন্তর্জাতিক আইটি সংস্থা। মাইক্রোসফটের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষেবা যেমন মাইক্রোসফট টিম্স, আউটলুক এবং এআই ভিত্তিক কোপাইলট সম্পূর্ণ অচল হয়ে পড়ে। এই অপ্রত্যাশিত বিভ্রাটের কারণে বিশ্বজুড়ে বহু দপ্তরের স্বাভাবিক কাজকর্ম থমকে যায়। এই ঘটনার প্রেক্ষিতে শনিবার মাইক্রোসফটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া হয়েছে।
সংস্থার প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তাদের নেটওয়ার্কের ক্ষমতা ও পরিকাঠামো উন্নত করার জন্য সম্প্রতি একটি বড় আপগ্রেড করা হয়েছিল। সেখান থেকেই এই বিপত্তির সূত্রপাত হয়েছে। তবে মাইক্রোসফট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এই ঘটনার পেছনে কোনো ধরনের সাইবার হামলার যোগ নেই। নেটওয়ার্ক পরিকাঠামো উন্নত করার সময় কিছু প্রযুক্তিগত ত্রুটির কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে।
পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক করতে মাইক্রোসফটের টেকনিক্যাল টিম দিনরাত কাজ করে চলেছে। তবে কবে নাগাদ সমস্ত পরিষেবা পুরোপুরি আগের মতো ছন্দে ফিরবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে পারেনি সংস্থাটি। এর আগে মাইক্রোসফটের তরফে জানানো হয়েছিল যে স্বাভাবিক করার কাজ পরিকল্পনামাফিক এগোলেও ব্যবহারকারীদের ফের লগ-ইন বা অ্যাক্সেস সংক্রান্ত সমস্যার মুখে পড়তে হতে পারে।
উল্লেখ্য, মাইক্রোসফটের এই গোলযোগের প্রভাব কেবল করপোরেট ক্ষেত্র বা সাধারণ ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং বিভিন্ন দেশের সরকারি ও জরুরি পরিষেবাও এর ফলে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। উদাহরণস্বরূপ, ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস (NHS) জানিয়েছে যে এই বিভ্রাটের কারণে স্বাস্থ্যকর্মীদের দৈনন্দিন কাজে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। পাশাপাশি বেশ কিছু স্কুলের অনলাইন যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে, যা শিক্ষাব্যবষ্টায় সাময়িক স্থবিরতা এনে দেয়।