নাগা-কুকি সংঘাতে ফের উত্তপ্ত মনিপুর! ওত পেতে থাকা দুষ্কৃতীদের গুলিতে প্রাণ গেল ৪ জনের

ফের অশান্ত মণিপুর। গত শুক্রবার দুপুরবেলা উখরুল জেলায় একদল সশস্ত্র দুষ্কৃতীর অতর্কিত হামলায় প্রাণ হারিয়েছেন ৪ জন সাধারণ নাগরিক। নিহতদের মধ্যে দু’জন মহিলাও রয়েছেন। প্রত্যেকেই নাগা সম্প্রদায়ের তাংখুল গোষ্ঠীর সদস্য বলে জানা গিয়েছে। এই রক্তক্ষয়ী ঘটনার জেরে নতুন করে কুকি ও নাগা সম্প্রদায়ের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর ১টা নাগাদ উখরুলের নিউ হেভেন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। সেই সময় উখরুল থেকে ইম্ফলের দিকে যাচ্ছিলেন ওই চারজন। তাঁরা দুটি আলাদা গাড়িতে সওয়ার ছিলেন—একটি সুইফট গাড়ি এবং অন্যটি বোলেরো পিক-আপ ভ্যান। রাস্তার পাশে আগে থেকেই ওত পেতে ছিল সশস্ত্র দুষ্কৃতীরা। গাড়িগুলি কাছাকাছি আসতেই অতর্কিত হামলা চালায় তারা। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে রয়েছেন শাংশাক গ্রামের কাপাংখুই আরএস এবং হাওলেইলা আরএস। অন্য দুজন অগাস্ট এনগালুং ও খানমিলা কেইশিং—তাঁরা সকলেই তাশার গ্রামের বাসিন্দা।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হামলাকারীদের খোঁজে আশপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ প্রশাসন। তবে এখনও পর্যন্ত কোনো অভিযুক্তকে চিহ্নিত করা সম্ভব হয়নি।
চরমে নাগা-কুকি সংঘাত
চলমান নাগা-কুকি সংঘাতে এখনও পর্যন্ত প্রায় ৭৪ জনের প্রাণহানির তথ্য সামনে এসেছে। যার মধ্যে ৩৮ জন কুকি-জো এবং ৩৬ জন নাগা সম্প্রদায়ের মানুষ। গত ৪ নভেম্বর মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সাধারণ মানুষের উপর হামলায় জড়িত সশস্ত্র গোষ্ঠীগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন। তা সত্ত্বেও থামছে না হিংসার রক্তস্রোত। একের পর এক এমন ঘটনায় মণিপুরের সাধারণ মানুষের নিরাপত্তা এখন সবচেয়ে বড় প্রশ্নের মুখে।