“প্রতি মাসে ১৪,০০০ কোটি টাকার ক্ষতি….!”-ডিজেল ও সারের দাম নিয়ে বিস্ফোরক তথ্য মোদীর

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া হলেও তার সরাসরি আঁচ দেশের কৃষক ও সাধারণ মানুষের গায়ে লাগতে দেয়নি কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার ইন্ডিয়া টুডে গোষ্ঠীর ‘কিষান তক ভারত এগ্রিকালচার কনফারেন্স ২০২৬’-এর মঞ্চে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি অনুযায়ী দেশে ডিজেলের দাম লিটার প্রতি ৫০ টাকা বাড়ানোর প্রয়োজন ছিল, কিন্তু কৃষকদের কথা ভেবে সরকার দাম বাড়িয়েছে মাত্র ৭ টাকা। বাকি ৪৩ টাকার বোঝা নিজের কাঁধে তুলে নিয়েছে কেন্দ্র।
কেন বাড়েনি ডিজেলের দাম? খোলসা করলেন প্রধানমন্ত্রী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিশ্ববাজারের অস্থিরতার প্রসঙ্গ টেনে আনেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “পশ্চিম এশিয়ায় যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়ে গিয়েছিল। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ব্যারেল প্রতি তেলের দাম ৭০ ডলার থেকে বেড়ে ১২২ ডলারে পৌঁছয়। এর ফলে ভারতও বড় চ্যালেঞ্জের মুখে পড়েছিল। সেই পরিস্থিতিতে ডিজেলের দাম লিটারে ৫০ টাকা পর্যন্ত বাড়ানোর প্রয়োজন ছিল। কিন্তু সরকার সিদ্ধান্ত নেয়, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির পুরো বোঝা দেশের সাধারণ মানুষ এবং কৃষকদের উপর চাপানো হবে না। তাই ডিজেলের দাম বাড়ানো হয় মাত্র ৭ টাকা। বাকি ৪৩ টাকার লোকসান মেটানো হয়েছে সরকারি কোষাগার থেকে।”
প্রতিবেশী দেশগুলির পরিস্থিতির সঙ্গে ভারতের তুলনা টেনে মোদী আরও জানান, ওই একই সময়ে ভারতের আশপাশের একাধিক দেশে ডিজেলের দাম ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। কিন্তু ভারতে তা হতে দেওয়া হয়নি। এই জনমুখী সিদ্ধান্তের কারণে সরকারের প্রতি মাসে প্রায় ১৪ হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
সারের দাম নিয়ন্ত্রণে ১৬ লক্ষ কোটি টাকা খরচ চাষের খরচ কমাতে সারের ওপর দেওয়া ভর্তুকির পরিসংখ্যানও এদিন তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, কৃষকদের সস্তায় সার জোগান দিতে গত ১২ বছরে কেন্দ্র সরকার ১৬ লক্ষ কোটি টাকা খরচ করেছে, যা বিশ্বের বহু দেশের বার্ষিক বাজেটের চেয়েও বেশি।
দামের পার্থক্য বুঝিয়ে মোদী বলেন, “আন্তর্জাতিক বাজারে এক বস্তা ডিএপি (DAP) সারের দাম প্রায় ৫ হাজার টাকা। অথচ ভারতের কৃষকেরা তা পাচ্ছেন মাত্র ১,৩০০ টাকায়। আন্তর্জাতিক বাজারে এক বস্তা ইউরিয়ার দাম প্রায় ৩ হাজার টাকা হলেও দেশে কৃষকদের তা কিনতে হচ্ছে ৩০০ টাকারও কমে।”
ছোট কৃষকদের জন্য আন্তর্জাতিক বাজারের দরজা দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আয় বাড়াতে তাঁদের উৎপাদিত ফসল সরাসরি বিদেশের বাজারে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তাঁর মতে, রফতানির নতুন সুযোগ তৈরি হলে কৃষকরা তাঁদের ফসলের আরও ভালো দাম পাবেন। কৃষকদের স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কেন্দ্রীয় সরকার আগামী দিনেও এই নীতিতে অটল থাকবে বলে স্পষ্ট বার্তা দেন নরেন্দ্র মোদী।