‘তোর সুখেতেই শান্তি আমার…’ দুর্নিবার-সৃজলা সম্পর্কের গুঞ্জন! মুখ খুললেন গায়কের স্ত্রী

‘বিগ বস’-এর ঘরে গায়ক দুর্নিবার সাহা পা রাখার পর থেকেই সোশাল মিডিয়ায় একেবারে নীরব ছিলেন তাঁর স্ত্রী ঐন্দ্রিলা সেন (মোহর)। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ম্যানেজার হিসেবে ইন্ডাস্ট্রিতে পরিচিত মোহর চিরকালই নিজেকে বিতর্কের আলো থেকে দূরে রাখতেই ভালোবাসেন। বিগ বসের অন্দরে যখন দুর্নিবার ও অভিনেত্রী সৃজলা গুহকে নিয়ে জোর চর্চা ও জলঘোলা হচ্ছিল, তখনও দুর্নিবারের সমর্থনে সোশাল মিডিয়ায় একটা বাক্যও খরচ করেননি তিনি। তবে অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নীরবতা ভাঙলেন মোহর। প্রথমবার বিগ বস ও দুর্নিবারকে নিয়ে সোশাল মিডিয়ায় এক দীর্ঘ ও আবেগঘন বার্তা শেয়ার করলেন তিনি।
বিগ বসের ঘরে শাশুড়ির নির্দেশ ও মোহরের আত্মত্যাগ
সম্প্রতি বিগ বসের ঘরে প্রতিযোগীদের সারপ্রাইজ দিতে উপস্থিত হয়েছিলেন তাঁদের পরিবারের সদস্যরা। দুর্নিবারের সঙ্গে দেখা করতে বিগ বসের ঘরে হাজির হন তাঁর মা ডালিয়া বসু সাহা। এতদিন পর মাকে কাছে পেয়ে দুর্নিবারের প্রথম প্রশ্নই ছিল— বাইরে তাঁকে নিয়ে কী চর্চা হচ্ছে এবং তাঁর স্ত্রী মোহর কেমন আছেন?
ছেলেকে সান্ত্বনা দিয়ে মা জানান, বাইরে নেতিবাচক কিছু হচ্ছে না। তবে মোহরের প্রসঙ্গ উঠতেই শাশুড়ি ডালিয়াদেবী স্পষ্ট জানিয়ে দেন যে, মোহর নিজেই তাঁকে বারণ করেছেন বিগ বসের প্ল্যাটফর্মে স্ত্রীর বিষয়ে কোনও কথা না তুলতে। ওয়াকিবহাল মহলের মতে, সৃজলাকে নিয়ে তৈরি হওয়া গুঞ্জন নিশ্চয়ই মোহরের কানেও পৌঁছেছে, তবে বিষয়টি জাতীয় টেলিভিশনে না এনে একান্ত ব্যক্তিগতভাবে দুর্নিবারের সঙ্গেই মেটাতে চান তিনি।
‘আমি কোন হরিদাস পাল?’— কেন বিগ বসে গেলেন না মোহর?
দুর্নিবারের সঙ্গে দেখা করতে কেন মোহর নিজে না গিয়ে শাশুড়িকে পাঠালেন, তা নিয়ে নেটপাড়ায় তৈরি হয়েছিল নানাবিধ প্রশ্ন। সব প্রশ্নের জবাব দিতেই দুর্নিবার ও তাঁর শাশুড়ির পুনর্মিলনের একটি সুন্দর ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেন মোহর।
ক্যাপশনে নিজের এক অত্যন্ত কাছের মানুষের লেখা কয়েকটি লাইন উদ্ধৃত করে তিনি লেখেন—
“‘তোর সুখেতেই শান্তি আমার, কান্নাতে তোর ভাঙে বুক, আদর সাজাই, চোখে হারাই, দেখতে তোর ওই হাসি মুখ’— মা, মা-ই হয়। আমি কোন হরিদাস পাল যে একজন মায়ের থেকে সন্তানকে এতদিন পর চোখে দেখার আনন্দ নিজের ভাগে নিয়ে নেব? আমার মা বলে, আগে মা হও তারপর বুঝবে।”
বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে মজবুত সম্পর্ক
কখনও বিগ বস নিয়মিত দেখছেন না বললেও, দুর্নিবারকে ঘিরে তৈরি হওয়া নানা সম্পর্কের জল্পনা এড়িয়ে যাননি মোহর। বরং অত্যন্ত পরিপক্বতার সঙ্গেই পুরো বিষয়টি সামলেছেন তিনি।
উল্লেখ্য, ২০২৩ সালে দুর্নিবার ও মোহর বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি ছিল দুর্নিবারের দ্বিতীয় বিবাহ, যা নিয়ে সেই সময় সোশাল মিডিয়ায় কটাক্ষের বন্যা বয়ে গিয়েছিল। তবে সমস্ত বিতর্কের মেঘ সরিয়ে বর্তমানে নিজেদের ভালোবাসা ও ছোট্ট সন্তান ধিয়ানকে নিয়েই সুখে সংসার করছেন এই তারকা দম্পতি।