৫ লাখ ভারতীয়ের বিরাট জয়! আমেরিকায় দিওয়ালিকে দ্বাদশ জাতীয় ছুটি ঘোষণার সিদ্ধান্ত?

আমেরিকায় পাল্টে যেতে চলেছে ইতিহাসের গতিপথ! ভারতের আলোর উৎসব দিওয়ালিকে এবার আমেরিকার দ্বাদশ জাতীয় বা ‘ফেডারেল’ ছুটির দিন হিসেবে স্বীকৃতি দিতে সে দেশের হাউস অব রিপ্রেজেন্টেটিভে পেশ করা হলো ঐতিহাসিক ‘দিওয়ালি ডে অ্যাক্ট’ বিল। কংগ্রেসওয়ুম্যান গ্রেস মেং-এর নেতৃত্বে পেশ হওয়া এই বিলটিতে ১৯ জন প্রভাবশালী মার্কিন আইনপ্রণেতার স্বাক্ষর রয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো, এই বিলে সক্রিয় সমর্থন জানিয়েছেন ৫ জন ভারতীয় বংশোদ্ভূত আইনপ্রণেতা—রাজা কৃষ্ণমূর্তি, রো কান্না, অ্যামি বেরা, সুহাস সুব্রহ্মণ্যম এবং শ্রী থানেদার।
যদি এই বিলটি মার্কিন কংগ্রেসে চূড়ান্তভাবে পাস হয়ে যায়, তবে দিওয়ালি আমেরিকান ক্যালেন্ডারে সরকারিভাবে দ্বাদশ নম্বর জাতীয় ছুটি হিসেবে অন্তর্ভুক্ত হবে। বর্তমানে আমেরিকায় মাত্র ১১টি ফেডারেল ছুটি বহাল রয়েছে। ফলে বিলটি পাস হলে এটি কেবল একটি ধর্মীয় স্বীকৃতিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং মার্কিন মূলুকে দক্ষিণ এশীয় সম্প্রদায়ের সাংস্কৃতিক অবদান ও সামাজিক গ্রহণযোগ্যতাকে এক অভূতপূর্ব উচ্চতায় পৌঁছে দেবে।
কংগ্রেশনাল এশিয়ান প্যাসিফিক আমেরিকান ককাসের চেয়ারম্যান গ্রেস মেং সাফ জানিয়েছেন, দিওয়ালি হলো অন্ধকারের বিরুদ্ধে আলোর এবং অজ্ঞানতার বিরুদ্ধে জ্ঞানের জয়ের মূল প্রতীক। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে হিন্দু ও দক্ষিণ এশীয় সম্প্রদায়ের বিরুদ্ধে ক্রমাগত বিদ্বেষ ও ঘৃণা ছড়ানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। ঠিক এই প্রেক্ষাপটে দিওয়ালিকে জাতীয় ছুটির মর্যাদা দেওয়া হলে তা বার্তা দেবে যে আমেরিকান সমাজে ভারতীয়রা অত্যন্ত মূল্যবান অংশ। শুধু হিন্দু নয়—শিখ, জৈন ও বৌদ্ধ ধর্মের কোটি কোটি মানুষ আমেরিকায় এই পবিত্র উৎসব উদযাপন করেন। সরকারি ছুটি ঘোষিত হলে সমস্ত মার্কিন সরকারি কর্মীরা এই দিনটিতে বিশেষ ছুটি পাবেন।