“মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির দেশে ফেরার চেষ্টা?”-শেখ হাসিনার আবেদন ঘিরে তোলপাড় পররাষ্ট্র মন্ত্রক!

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে আগামী ডিসেম্বরেই দেশে ফেরার ঘোষণা আগেই দিয়েছিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই ঘোষণার ঠিক পরেই সোমবার তাঁর আইনজীবীর মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (NID)-র জন্য আবেদন করা হয়েছে। আর এই আবেদন সামনে আসতেই ওপার বাংলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র শোরগোল। সরকারের পক্ষ থেকে একে ‘হাস্যকর’ আখ্যা দেওয়ার পাশাপাশি আইনি ভিত্তি যাচাইয়ের কাজ শুরু হয়েছে।

দিল্লি হাইকমিশনের প্রতিক্রিয়া ও সরকারি পদক্ষেপ

বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকালে ইমেইলের মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে এই আবেদনপত্র এসে পৌঁছায়। এপ্রসঙ্গে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান জানিয়েছেন, “ম্যাট্রিক্স চেম্বারস নামক একটি প্রতিষ্ঠান থেকে ইমেইলের মাধ্যমে একটি চিঠি পেয়েছি। আবেদনটি আদৌ সঠিক কি না, তা আমাদের জানা নেই। তবে আমরা ইমেইলটি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।”

এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডির জন্য যে আবেদন করা হয়েছে, তার সত্যতা এবং আইনি দিকগুলি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

‘হাস্যকর দাবি, প্রত্যর্পণের চেষ্টা হবে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দুপুরে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির শেখ হাসিনার এই আবেদনকে সরাসরি ‘হাস্যকর’ বলে উড়িয়ে দেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, শেখ হাসিনা যেহেতু বর্তমানে আইনি প্রক্রিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি, তাই ভারতের সঙ্গে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক প্রত্যর্পণ (Extradition) চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হবে।

পাল্টা মুখ খুলেছে আওয়ামী লীগ

অন্যদিকে, বাংলাদেশে কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের পক্ষ থেকে এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। দলের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত দাবি করেছেন, বর্তমান সরকার মূলত শেখ হাসিনাকে ভয় পাচ্ছে। যে কারণে তারা তাঁকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দিতে গড়িমসি করছে। আওয়ামী লীগের অভিযোগ, এর আগে সরকার মুখে বললেও যে শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাঁকে স্বাগত জানানো হবে, এখন কাজের বেলায় তাঁরা সম্পূর্ণ উল্টো অবস্থান নিয়েছে এবং ফেরার পথ রুদ্ধ করতে চাইছে।

সবমিলিয়ে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পাসপোর্ট ও এনআইডি চাওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চরম উত্তাপ ছড়াতে শুরু করেছে।