নিজের ঘরেই রক্তভেজা লাশ! পাকিস্তানের জনপ্রিয় টিভি সঞ্চালিকাকে গুলিতে ঝাঁঝরা, ধৃত স্বামী

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজের বাড়িতেই রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হয়ে খুন হলেন অত্যন্ত জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেলের অ্যাঙ্কর ও অনুষ্ঠান সঞ্চালিকা রাবিয়া আহসান। সোমবার গুলশানাবাদ এলাকার বাসভবন থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। এই চাঞ্চল্যকর ঘটনায় রাবিয়ার স্বামীকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে সন্দেহভাজন আগ্নেয়াস্ত্রটি।
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদন অনুযায়ী, সিটি পুলিশ অফিসার হাসান মুশতাক সুকেরা স্বামীর আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে ঘটনার গভীর তদন্ত শুরু হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞ ও পুলিশ আধিকারিকরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন। পুলিশের দাবি, বাড়ির এক পরিচারক তদন্তকারীদের জানিয়েছেন যে রাবিয়ার স্বামী দাবি করেছিলেন, অসাবধানতাবশত নাকি গুলিটি চলেছে। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এই মর্মান্তিক হত্যাকাণ্ডে শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের ফার্স্ট লেডি আসিফা ভুট্টো-জারদারি। ঘটনাটির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তিনি স্মরণ করিয়ে দেন যে, গত অগস্টেই রাওয়ালপিন্ডিতে ডিজিটাল মিডিয়া এগজিকিউটিভ হিনা জাভেদের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছিল। একই শহরে একের পর এক কর্মরত পেশাদার মহিলার এই ধরনের ভয়াবহ পরিণতি ও নিরাপত্তার অভাব নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।