ডায়মন্ড হারবার কাণ্ডে সুমিতকে ফাঁসানোর ছক? গোপন সত্যি সামনে আনতে স্পেশাল সিবিআই তদন্তের দাবি

ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে নগদ ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধারের ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এবার এই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত-সহায়ক (PA) সুমিত রায়ের স্ত্রী সুস্মিতা রায় তাঁর স্বামীকে বেআইনিভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর গুরুতর অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন।
পুলিশ সূত্রে আগেই দাবি করা হয়েছিল যে, পুলিশি হেফাজতে সুমিত রায়কে জেরা করার পরেই নাকি ওই বিপুল টাকার সন্ধান মেলে। তবে সুমিতের স্ত্রী সুস্মিতা রায় এই দাবি সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছেন। তাঁর অভিযোগ, উদ্ধার হওয়া নগদ টাকার সাথে সুমিতের কোনো সম্পর্ক নেই। ডায়মন্ড হারবার পুলিশ জেলা সম্পূর্ণ পরিকল্পিতভাবে সুমিতকে ফাঁসানোর জন্য এই টাকা উদ্ধারের ঘটনা সাজিয়েছে। হাইকোর্টে পেশ করা আবেদনে তিনি জানান, হেফাজতে রেখে তাঁর স্বামীর ওপর চরম শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে এবং জোড়পূর্বক স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে।
ইতিমধ্যে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নিজের আপ্ত-সহায়কের পাশে দাঁড়িয়ে ডায়মন্ড হারবার পুলিশ প্রশাসনকে তীব্র নিশানা করেছেন। তিনি অভিযোগ করেন, পুলিশি হেফাজতে সুমিতকে এনকাউন্টারে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। পরিস্থিতি জটিল হওয়ায় সুস্মিতা রায় ঘটনার সত্যতা উন্মোচনে হাইকোর্টের কাছে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল (SIT) অথবা সরাসরি সিবিআই (CBI) তদন্তের আর্জি জানিয়েছেন। বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের এজলাসে মামলাটির গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে।