সরকার কি আসল দূষণের তথ্য লুকাচ্ছে? আপ নেতার বিস্ফোরক দাবির পর দিল্লিতে বায়ুদূষণ নিয়ে চরম উদ্বেগ

দীপাবলির রাতে রাজধানী দিল্লির বায়ুদূষণ নিয়ে চরম রাজনৈতিক তরজা শুরু হয়েছে। দিল্লির আসল বায়ুসূচক বা একিউআই (AQI) সংক্রান্ত সরকারি তথ্যে জালিয়াতি ও তথ্য গোপনের গুরুতর অভিযোগ তুলেছে আম আদমি পার্টি (AAP)। আপ নেতা সৌরভ ভরদ্বাজ দাবি করেছেন, দীপাবলির রাতে দিল্লির বেশ কিছু এলাকায় বায়ুদূষণ সূচক রেকর্ড ৩০০০-এর গণ্ডি অতিক্রম করেছিল! অথচ সরকারি পরিসংখ্যানে সেই ভয়াবহ ছবি চেপে গিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ একাধিক স্বাধীন মনিটরিং সংস্থার তথ্য ও ভিডিও শেয়ার করে সৌরভ ভরদ্বাজ তোপ দাগেন। তাঁর অভিযোগ, দূষণ কম দেখানোর জন্য শহরের কম দূষিত সবুজ এলাকাগুলিতে নতুন ২০টি মনিটরিং স্টেশন বসানো হয়েছে। পাশাপাশি জনবহুল ও মারাত্মক দূষিত স্টেশনগুলির আশেপাশে জল স্প্রে করে কৃত্রিমভাবে পরিমাপের মাত্রা কম রাখার চক্রান্ত চলছে। পরিস্থিতির ভয়াবহতা স্বীকার না করে তথ্য লুকানোর ফলে শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টজনিত রোগীদের জীবন ঝুঁকিতে পড়েছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
অন্যদিকে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের (CPCB) সরকারি হিসাব বলছে, দীপাবলিতে দিল্লির গড় AQI ছিল ৩৭৬ (খুব খারাপ)। দিল্লির ৫৯টি স্টেশনের মধ্যে ১৯টিতে মাত্রা ছিল ‘মারাত্মক’ (Severe)। সবচেয়ে বেশি ৪৬০ রেকর্ড হয়েছে জাহাঙ্গিরপুরীতে। যদিও ‘AQI.in’-এর মতো স্বাধীন সংস্থা জানিয়েছে, রাত ১টা ৩১ মিনিটে দিল্লির AQI ১,৩৩১ পর্যন্ত পৌঁছেছিল। সুপ্রিম কোর্টের নির্দে যথারীতি অমান্য করে পিতমপুরা, বুরাড়ি, ময়ূর বিহার সহ বিভিন্ন এলাকায় দেদার বাজি ফাটানোয় বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কণা PM2.5-এর পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে।