বিগ বস থেকে বিদায় নিয়েই প্রেমিকের ফটো ফ্রেমবন্দি! দীপাবলির রাতে নন্দিনীর কাণ্ডে তুমুল শোরগোল

বিগ বস বাংলার সফর আকস্মিকভাবে শেষ হওয়ার পর শহর কলকাতায় নিজের বাড়ি ফিরে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী নন্দিনী দত্ত। তবে শো থেকে বের হলেও তাঁর বিতর্কিত প্রেম পর্ব এবং কর্মকাণ্ড নিয়ে নেটপাড়ায় তুঙ্গে চর্চা। ঘরের অন্দরে সহ-প্রতিযোগী রাজবীর দে-র সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন নন্দিনী। কিন্তু সেই সম্পর্কের টানাপোড়েন ও মারধরের কারণেই শেষ পর্যন্ত শো ছেড়ে আসতে হলো তাঁকে।
বিগ বসের নিয়মানুযায়ী কোনও প্রতিযোগীর গায়ে হাত তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু নন্দিনী সেই নিয়ম বারবার ভেঙেছেন। শনিবার ‘দাদার দরবার’-এ সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় সাফ জানিয়ে দেন, নন্দিনীর এই রূপ ক্ষমার অযোগ্য। নন্দিনী হাতজোড় করে চোখের জলে ক্ষমা চাইলেও শেষরক্ষা হয়নি। তাকে শো থেকে সরাসরি বহিষ্কার করা হয়।
বেরিয়ে আসার সময় নন্দিনী রাজবীরকে স্পষ্ট বার্তা দেন যে তিনি বাইরে অপেক্ষা করবেন। অন্যদিকে রাজবীরও জানান, বিগ বসের ঘর থেকে বেরিয়ে তিনি নন্দিনীকে আবার নতুন সুযোগ দেবেন। কলকাতায় ফেরার পর নন্দিনীর হাতে দেখা গিয়েছে রাজবীরের দেওয়া বিশেষ ব্রেসলেট। পরিবারের সঙ্গে দীপাবলি পালন করলেও রাজবীরকে ভোলেননি তিনি। রাজবীর এখনো শোয়ের ভেতরে থাকায় ফোন নেই, তাই নিজের মোবাইলে রাজবীরের ছবি চালিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন নন্দিনী।
অন্য দিকে, বিগ বসের ঘরের ভেতরে দীপাবলির বিশেষ উপহার পেয়ে রাজবীর জানান, তিনি এই উপহার নিজে না নিয়ে নন্দিনীকে পাঠিয়ে দেবেন। দুর্গাপুজোয় পরিবারের থেকে দূরে থাকলেও দীপাবলি পরিবারের সঙ্গেই কাটালেন নন্দিনী। সম্প্রতি ঠাকুমাকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়লেও স্বজনদের কাছে ফিরে কিছুটা স্বস্তি পেয়েছেন অভিনেত্রী।