“যে কোনো মূল্যে ফিরবই!”, দেশে ফিরতে ট্রাম্প কার্ড খেললেন হাসিনা; ঢাকায় ব্যাপক চাঞ্চল্য!

গণ-অভ্যুত্থানের জেরে ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পর অবশেষে ভারতে নির্বাসন কাটিয়ে নিজ দেশ বাংলাদেশে ফিরতে চরম মরিয়া হয়ে উঠেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার প্রক্রিয়া যাতে আইনি ও প্রশাসনিকভাবে মসৃণ হয়, সেই লক্ষ্যে সোমবারই তিনি নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের (NID) জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছেন।

সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (AP)-এর হাতে আসা একটি নথি অনুযায়ী, লন্ডনে নিযুক্ত বাংলাদেশের শীর্ষ কূটনীতিকের কাছে ইমেলের মাধ্যমে শেখ হাসিনার আইনজীবী এই আবেদন পাঠিয়েছেন। সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রীকে দ্রুত পাসপোর্ট ও এনআইডি দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়। হাসিনার সহযোগী আবু ওবাইদা আরিন সংবাদ সংস্থাকে জানান, “এটি তাঁর দেশে ফেরার ক্ষেত্রে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে তাঁর সমস্ত মৌলিক নথিপত্র বেআইনিভাবে বাতিল করা হয়েছিল। তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ।”

যদিও অন্তর্বর্তী সরকারের পর নির্বাচনে জয়ী হয়ে আসা নতুন বিএনপি সরকার এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তবে সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাফ জানিয়েছিলেন, ভারত থেকে হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফেরত আনা হবেই।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তীব্র ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন হাসিনা। পরবর্তীতে ২০২৫ সালে বিশেষ ট্রাইব্যুনাল তাঁকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয়। তবে সমস্ত অভিযোগ ও বিচারপ্রক্রিয়াকে শুরু থেকেই নাকচ করে আসছেন শেখ হাসিনা। এখন দেখার, সব আইনি ও রাজনৈতিক জটিলতা কাটিয়ে তিনি ডিসেম্বরে বাংলাদেশে পা রাখতে পারেন কিনা।