‘মদের গ্লাসে ঢালছেন বরফ!’ দিল্লির মুখ্যমন্ত্রীর ডিপফেক ভিডিও ঘিরে তোলপাড়, হাইকোর্টের বিরাট নির্দেশ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি ব্যবহার করে তৈরি অসম্মানজনক ও অবমাননাজনক ডিপফেক ভিডিওর বিরুদ্ধে কড়া অবস্থান নিল দিল্লি হাইকোর্ট। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার দায়ের করা এক মামলায় ঐতিহাসিক রায় দিয়ে আদালত জানিয়েছে, রাজনীতিতে ব্যঙ্গ-বিদ্রূপ বা সমালোচনা সহ্য করার মানসিকতা থাকতে হয় ঠিকই, কিন্তু স্বাধীনতার দোহাই দিয়ে কারও ব্যক্তিগত সম্মান বা মর্যাদাহানি করা যায় না।

আম আদমি পার্টি (AAP) এবং অন্যান্যদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়ে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা অভিযোগ করেন, আপ-এর ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তাঁর কিছু AI নির্মিত ডিপফেক ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে তাঁকে ‘হর হর রেখা, ঘর ঘর ঠেকা’ প্রকল্পের প্রধান বানিয়ে মদের ফেরিওয়ালা ও বারটেন্ডার হিসেবে উপস্থাপন করা হয়েছে। একটি ভিডিওতে রাতে পুরুষদের মদ পরিবেশন করার দৃশ্যও নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়।

বিচারপতি মনোজ জৈনের একক বেঞ্চ শুনানিতে স্পষ্ট জানান, এসব ছবি এতটাই আসল বলে বিভ্রম তৈরি করে যে আমজনতার মনে হবে মুখ্যমন্ত্রী নিজেই মদের ব্যবসায় যুক্ত। রাজনৈতিক সমালোচনার অধিকার সবার রয়েছে, কিন্তু সম্মান ক্ষুণ্ণ করে কাউকে উপহাসের পাত্র বানানো মোটেও গ্রহণযোগ্য নয়। আদালত অবিলম্বে মামলায় উল্লিখিত ৬টি URL সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলার নির্দেশ দিয়েছে এবং অভিযুক্তদের ৩০ দিনের মধ্যে জবাব দেওয়ার সমন পাঠিয়েছে। মামলার পরবর্তী শুনানি ৪ ডিসেম্বর।