৪ মাসের অন্তঃসত্ত্বাকে নির্মম মারধর! দিনহাটায় ফের মধ্যযুগীয় বর্বরতার অভিযোগ

উত্তরবঙ্গের রাজনৈতিক ময়দানে ফের চরম শোরগোল। কোচবিহারের দিনহাটায় এক ৪ মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে সালিশি সভায় ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের মারাত্মক অভিযোগ উঠল স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যের স্বামী ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে দিনহাটা থানার অন্তর্গত একটি প্রত্যন্ত গ্রামে ঘটনাটি ঘটেছে।
গুরুতর আহত অবস্থায় ওই অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত মহিলা জানান, পরকীয়া সংক্রান্ত এক বিতর্কের জেরে স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য বীণা বর্মনের স্বামী ভবসিন্ধু বর্মন ও তাঁর দলবল প্রথমে তাঁর স্বামীকে মারধর শুরু করে। স্বামী কে বাঁচাতে এগিয়ে গেলে তাঁর ওপরও চড়াও হয় অভিযুক্তরা। এমনকি গর্ভবতী জেনেও তাঁকে শারীরিক অত্যাচার করা হয়। বর্তমানে তাঁর ডাক্তারি পরীক্ষা ও আল্ট্রাসোনোগ্রাফি (USG) করানো হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য। যদিও বিজেপির সিতাই ৪ নম্বর মণ্ডলের সভাপতি শঙ্কু সরকার এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁর দাবি, সালিশি সভা বসলেও মারধরের কোনো ঘটনা ঘটেনি; তৃণমূল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যে অভিযোগ তুলছে। তবে শুক্রবার বিকেলে আক্রান্ত মহিলার পরিবারের তরফে অভিযুক্তদের বিরুদ্ধে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কোচবিহার জেলা পুলিশ জানিয়েছে, পুরো ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেই দিনহাটার কুচনি গ্রামে বিজেপি কর্মীদের হামলায় এক ৮ মাসের অন্তঃসত্ত্বা মহিলা গর্ভস্থ সন্তান হারিয়েছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এই নতুন ঘটনায় চরম উত্তেজনা ছড়ালো এলাকায়।