দীপাবলির রাতেই চরম বিপর্যয়! মুম্বইয়ের বহুতলে কীভাবে জ্বলল আগুন, রকেট বাজির তাণ্ডব নাকি বড় কোনো চক্রান্ত?

দীপাবলির আনন্দের মাঝেই মুম্বইয়ের ঘাটকোপারে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার রাতে পূর্ব মুম্বইয়ের ঘাটকোপার ইস্টের পান্তনগর এলাকার বল্লভ বাগ লেনে অবস্থিত ‘রয়্যাল অলতেজা’ (Royal Altezza) নামক ২১ তলা বহুতল আবাসনে আচমকাই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলহান শিখা বহুতলের ২০ তলায় ছড়িয়ে পড়ায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়।

ঘটনাটির ভয়াবহতা বুঝে তড়িঘড়ি লেভেল-২ অগ্নিকাণ্ড হিসেবে ঘোষণা করা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের অন্তত ৮টি ইঞ্জিন এবং বিশাল উদ্ধারকারী দল। প্রায় দুই ঘণ্টারও বেশি সময় নিরলস চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। নিরাপত্তার স্বার্থে সম্পূর্ণ ২১ তলা ভবনটি খালি করে দেওয়া হয়। এই ঘটনায় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৪৫ বছর বয়সি সৈনাথ আওয়ালে নামে এক ব্যক্তির শরীরের ২৭ শতাংশ পুড়ে গিয়েছে। তিনি রাজাওয়াড়ি হাসপাতালে চিকিৎসাধীন। বাকি আহত নিরব লোদায়া এবং রাজেশ লোদায়াকে স্থানীয় জিনোভা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে, দীপাবলির উৎসবে ফাটানো রকেট বাজি বেলকনি দিয়ে ফ্ল্যাটের ভেতরে ঢুকে গিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে। তবে মুম্বই পুলিশের একাংশ শর্ট সার্কিটের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না। পাশাপাশি, বহুতলটির অগ্নিনির্বাপণ ব্যবস্থা সময়মতো কাজ করেনি বলেও অভিযোগ উঠেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ ও পুরসভা যৌথ তদন্ত শুরু করেছে।