ভোট ব্যাংকের জন্য অপরাধীদের টিকিট? ADR-এর বিস্ফোরক প্রতিবেদনে ফাঁস ভারতীয় রাজনীতির অন্ধকার দিক!

দেশের আইন প্রণেতাদের বিরুদ্ধে নারীদের প্রতি নির্যাতনের চরম উদ্বেগজনক এবং বিতর্কিত তথ্য প্রকাশ্যে নিয়ে এল ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’ (ADR) এবং ‘ন্যাশনাল ইলেকশন ওয়াচ’। সারা দেশের মোট ৪,৮৮১ জন বর্তমান সংসদ সদস্য (MP) এবং রাজ্য বিধানসভার সদস্যদের (MLA) নির্বাচনী হলফনামা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখা গেছে, ১৮৭ জন জনপ্রতিনিধি নিজেরদের বিরুদ্ধে নারীদের ওপর অপরাধ সংক্রান্ত মামলা থাকার কথা স্বঘোষিতভাবে স্বীকার করেছেন। এই ১৮৭ জনের মধ্যে ১৯ জন লোকসভার সাংসদ এবং ১৬৮ জন বিভিন্ন রাজ্যের বিধায়ক।

প্রতিবেদনের সবচেয়ে চাঞ্চল্যকর দিক হলো, ১৮৭ জনের মধ্যে ১৪ জন সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে সরাসরি ধর্ষণ বা একই নারীর ওপর বারবার পাশবিক অত্যাচারের মতো ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও ৩৭৬(২)(এন) ধারায় গুরুতর মামলা ঝুলছে। রাজনৈতিক দলগুলির বিচারে শীর্ষে অবস্থান করছে ক্ষমতাসীন বিজেপি, যাদের ১০৬ জন সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে এই ধরনের মামলা রয়েছে। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে কংগ্রেস (২০ জন) এবং তেলুগু দেশম পার্টি (১৮ জন)।

রাজ্যভিত্তিক তালিকার শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। এই রাজ্যে সর্বাধিক ৬৯ জন সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে নারীদের ওপর নির্যাতন বা অপরাধমূলক মামলা রয়েছে। এরপরই যথাক্রমে অন্ধ্রপ্রদেশ (২২ জন) এবং ওড়িশা (১৭ জন) দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছে। নারী অধিকার কর্মী ও বুদ্ধিজীবী মহল থেকে এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হলেও, রাজনৈতিক দলগুলির দাবি—আইনি প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত হওয়ার আগে কাউকে অপরাধী বলা যায় না, অনেক ক্ষেত্রেই এগুলো রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা।