সাহায্য করতে গিয়ে এ কী পরিণতি! ট্রাকের চাকায় মুহূর্তে পিষে শেষ ৭টি তাজা প্রাণ!

ঝাড়খণ্ডের খুঁটি জেলায় ঘটে গেল এক হৃদয়বিদারক পথ দুর্ঘটনা। একটি প্রাথমিক দুর্ঘটনার পর সেখানে উদ্ধারকাজে হাত বাড়াতে গিয়ে ঘাতক ট্রাকের তলায় পিষে প্রাণ হারালেন ৭ জন পথচারী। মৃতদের মধ্যে রয়েছে ২ জন শিশু, নারী ও পুরুষ। এই মর্মান্তিক ঘটনায় অত্যন্ত গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক ব্যক্তি।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে খুঁটি জেলার কররা থানা এলাকার কররা-তোরপা প্রধান সড়কের জোনে-লুদরু মোড়ের কাছে একটি স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ঝোপে উল্টে যায়। তীব্র শব্দ শুনে আশপাশের স্থানীয় বাসিন্দারা স্কুটি চালককে উদ্ধার করতে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন। তাঁরা যখন রাস্তার ধারে জড়ো হয়ে দুর্ঘটনাকবলিত আরোহীকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তেই ঘনিয়ে আসে কাল।
তোরপার দিক থেকে আসা এক প্রচণ্ড দ্রুতগতির অনিয়ন্ত্রিত ট্রাক রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সেই অসহায় মানুষগুলোর ওপর দিয়ে সোজা চাকা চালিয়ে দেয়। চোখের পলকে রক্তের বন্যায় ভেসে যায় গোটা এলাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। পরে খুঁটি সদর হাসপাতালে চিকিৎসা চলাকালীন আরও ১ জন প্রাণ হারান। খুঁটির পুলিশ সুপার ঋষভ গর্গ জানান, ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার পাশাপাশি চালকের গাফিলতি খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। এক লহমায় এতগুলো তাজা প্রাণ চলে যাওয়ায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।