কালীপুজোয় কি পণ্ড হবে আনন্দ? ভাইফোঁটার আগেই আবহাওয়ার বড় ইউ-টার্ন!

উৎসবের মরসুমে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ফের বড়সড় পরিবর্তনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কালীপুজোর দিন আবহাওয়া মেজাজ মনোরম ও শুষ্ক থাকলেও, ভাইফোঁটার আগে একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, এই দফায় কোথাও ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই, বরং ধীরে ধীরে নামবে তাপমাত্রার পারদ।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক ও পরিষ্কার থাকলেও, সোমবার থেকে পরিস্থিতি বদলাতে পারে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদীয়া এবং মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলি সহ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে মঙ্গলবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বৃষ্টির পাশাপাশি শীতের আমেজ নিয়ে বড়সড় ইঙ্গিত মিলেছে। আগামী তিন দিনের মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। ফলে উৎসবের শেষলগ্নে হালকা বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন ঘটতে পারে। তাই বাইরে বেরোনোর পরিকল্পনা থাকলে লেটেস্ট আবহাওয়া আপডেট দেখে নেওয়া অত্যন্ত জরুরি।