পড়ুয়াদের জন্য দারুণ সুযোগ! প্রাচীন সাহিত্য পড়লেই কেন্দ্র দেবে ১০,০০০ টাকার স্টাইপেন্ড

দেশের শিক্ষার্থীদের ভারতীয় ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। ‘কাশী তামিল সঙ্গমম ৫.০’ কর্মসূচির আওতায় দেশের ১,০০০ জন মেধাবী পড়ুয়াকে বিশেষ ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হচ্ছে, যেখানে প্রাচীন তামিল সাহিত্য ‘তিরুক্কুরল’ অধ্যয়নের বদলে মিলবে ১০,০০০ টাকার এককালীন স্টাইপেন্ড। তামিল সাহিত্যের প্রচার এবং দেশের বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মধ্যে মেলবন্ধন দৃঢ় করাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য।
কী এই ‘তিরুক্কুরল’ ইন্টার্নশিপ স্কিম?
প্রাচীন তামিল সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হলো মহাকবি ও দার্শনিক তিরুবল্লুভর রচিত ‘তিরুক্কুরল’। নীতিশাস্ত্র, সততা, সুশাসন ও মানবাচরণের বার্তা সংবলিত এই গ্রন্থে ১,৩৩০টি দ্বিপদী রয়েছে। দেশের ১,০০০টি নির্বাচিত কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে ১ জন করে পড়ুয়াকে এই প্রকল্পের জন্য বাছাই করা হবে। নির্বাচিত শিক্ষার্থীরা নিজেদের মাতৃভাষা বা পছন্দের ভাষায় এই সাহিত্য পাঠ, গবেষণা এবং কলেজ স্তরে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করার সুযোগ পাবেন। নির্ধারিত কাজ সফলভাবে শেষ করলেই মিলবে ১০,০০০ টাকা।
আবেদন ও নির্বাচন প্রক্রিয়া:
শিক্ষার্থীরা এতে সরাসরি আবেদন করতে পারবেন না। প্রথমে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে সরকারি পোর্টালে (kts.cict.in) আগামী ১৫ নভেম্বরের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে। এরপর সংশ্লিষ্ট রাজ্য নোডাল এজেন্সি শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করবে এবং মেধার ভিত্তিতে প্রতিটি প্রতিষ্ঠান থেকে এক জন যোগ্য পড়ুয়াকে মনোনীত করা হবে। মূল ‘কাশী তামিল সঙ্গমম’ ট্রিপের জন্য রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৩ নভেম্বর (kashitamil.iitm.ac.in)। পুরো কর্মসূচিটি ২০২৬ সালের ২৮ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।