স্ত্রীর কাটা মুণ্ডু হাতে রাস্তায় তাণ্ডব! রক্তঝরা দা নিয়ে সোজা মন্দিরে বসতেই থ গঙ্গারামপুর

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরে বুধবার ভোরে ঘটা এক রোমহর্ষক ও নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ৪ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর এলাকায় নিজের স্ত্রীকে নির্মমভাবে গলা কেটে খুন করার পর, তাঁর কাটা মুণ্ডু হাতে নিয়ে জনসমক্ষে ঘুরে বেড়াতে দেখা যায় অভিযুক্ত স্বামীকে। এই হাড়হিম করা ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম সীমা সরকার ঘোষ। অভিযুক্ত স্বামীর নাম রিন্টু ঘোষ, যিনি পেশায় একজন প্রাক্তন সরকারি বাস কন্ডাক্টর ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার পর রিন্টু তাঁর স্ত্রীর কাটা মুণ্ডু ও রক্তমাখা ধারালো দা হাতে নিয়ে এলাকার একটি স্থানীয় মন্দিরে গিয়ে দু’হাত তুলে চুপচাপ বসে থাকে। এই নারকীয় দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন পথচারী ও এলাকাবাসীরা। খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ দ্রুত পৌঁছায় এবং অভিযুক্তকে আটক করার পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে, পারিবারিক বা দাম্পত্য কলহের জেরেই এই চরম সিদ্ধান্ত। তবে মৃতা মহিলার কাকা রাজেশ প্রামাণিক জানান, বাবা মারা যাওয়ার পর থেকে রিন্টু মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল এবং আচমকাই ধার্মিক হয়ে পড়েছিল। গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) শুভতোষ সরকার জানিয়েছেন, অভিযুক্তকে আটক করে ঘটনার মূল কারণ খতিয়ে দেখতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ।