ঘূর্ণিঝড় ‘মুরাসু’র কালছায়া ইডেনে! ম্যাচ ড্র হলেই হাতছাড়া হবে পয়েন্ট? কপালে চিন্তার ভাঁজ বাংলার

পাঁচ বছর পর পরপর তিন ম্যাচ জিতে চলতি রঞ্জি ট্রফিতে স্বপ্নের সূচনা করেছিল বাংলা ক্রিকেট দল। তবে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে সেই বিজয়রথে বাধ সাধল প্রকৃতি। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র পরোক্ষ প্রভাবে সৃষ্টি হওয়া খারাপ আবহাওয়া ও বৃষ্টির কারণে মহারাষ্ট্রের বিরুদ্ধে চলতি ম্যাচটির ভবিষ্যৎ এখন সম্পূর্ণ অনিশ্চয়তার মুখে। বুধবারে ম্যাচের তৃতীয় দিনে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ইডেনে এক বলও খেলা শুরু করা যায়নি।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা হয়ে আসে। নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ৯টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও ইডেনে নেমে আসে মন্দ আলো। আলোর ঘাটতির কারণে ম্যাচ শুরু আটকে থাকার পর হঠাৎ শুরু হয় ঝিরঝিরে বৃষ্টি, ফলে দ্রুত ঢেকে ফেলা হয় পিচ ও আউটফিল্ড। আবহাওয়াবিদ হাবিবুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র সরাসরি প্রভাব কলকাতায় না পড়লেও কলকাতা, হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে।

ইতিমধ্যেই ম্যাচের প্রথম দুই দিনে প্রায় ৬৪.১ ওভার নষ্ট হয়েছে। ১৮০ ওভার খেলা হওয়ার কথা থাকলেও মাত্র ১১৫.৫ ওভার সম্ভব হয়েছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে তৃতীয় দিনের প্রথম সেশন ভেস্তে যাওয়া নিশ্চিত। যদি এই ম্যাচে দুই দলের প্রথম ইনিংস শেষ না হওয়া পর্যন্ত খেলা বন্ধ হয়ে যায়, তবে দু’দলই পাবেন ১ পয়েন্ট করে। আর যদি মহারাষ্ট্র নিজেদের প্রথম ইনিংস শেষ করে কিন্তু ফলাফলে না পৌঁছানো যায়, তবে প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে তারা পাবে ৩ পয়েন্ট এবং বাংলাকে সন্তুষ্ট থাকতে হবে ১ পয়েন্ট নিয়ে।