ভোর হতে না হতেই মদের গ্লাস হাতে রহস্যময় পোস্ট! হঠাৎ কী ঘটল সলমন খানের?

ভোর তখন সবে ৫টা। চারদিকে ভোরের আলো ঠিকমতো ফোটার আগেই সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন বলিউড সুপারস্টার সলমন খান। হাতে মদের গ্লাস আর অজানা গন্তব্যের ইঙ্গিত দিয়ে সোশাল মিডিয়ায় একটি অত্যন্ত অদ্ভুত ও রহস্যময় ক্যাপশন পোস্ট করেন তিনি— “পতা নেহি কহাঁ ম্যাঁয় ল্যান্ড করু?” স্বাভাবিকভাবেই ভাইজানের এমন বার্তা দেখে শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। কিন্তু হঠাৎ কী ঘটল যে বলিউডের ‘সুলতান’কে এমন রহস্যময় কথা বলতে হলো?

উত্তরের চাবিকাঠি অবশ্য লুকিয়ে রয়েছে সলমনের আগামী বহুপ্রতীক্ষিত ছবি ‘মাতৃভূমি’-র নতুন ট্র্যাক ‘তেরি সেক্সি বিউটি’-র মধ্যে। বুধবার সকালে স্টুডিও রেকর্ডিংয়ের এক ঝলক শেয়ার করে এই নতুন রোমান্টিক গানের শুভমুক্তি ঘটান সলমন। আর সবচেয়ে বড় চমক হলো, এই গানটিতে অন্য কোনো প্লেব্যাক সিঙ্গার নন, বরং নিজের কন্ঠেই সুর মিলিয়েছেন সলমন খান নিজেই! মাইকের সামনে তাঁর সেই চিরচেনা মেজাজি অথচ বিন্দাস ভঙ্গি এবং সাথে দেওয়া ‘ক্যাপ্টেন-বার্তা’ মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

সলমন খানের আগামী ছবি ‘মাতৃভূমি’-র থিম ও পোস্টার ইতিমধ্যেই সাড়া ফেলেছে। পোস্টারে হেডফোন পরা সলমনের এক চিলতে মুচকি হাসি আর নিচে লেখা বোল্ড ট্যাগলাইন ‘মে ওয়ার রেস্ট ইন পিস’ ভক্তদের মধ্যে তীব্র কৌতূহল তৈরি করেছে। এই নতুন ট্র্যাকে সলমনের সঙ্গে সহ-শিল্পী হিসেবে গেয়েছেন মুসকান। গানটির সুরারোপ করেছেন হিমেশ রেশমিয়া এবং লিরিক্স ও কম্পোজিশনে রয়েছেন সাজিদ খান। পুরো গানটির ডান্স কোরিওগ্রাফি করেছেন সিজার গনজালভেস।

অভিনয়ের পাশাপাশি মাইক্রোফোনের সামনে সলমন খানের গান গাওয়ার ইতিহাস অবশ্য নতুন কিছু নয়। নয়ের দশকে ‘হ্যালো ব্রাদার’ ছবির জনপ্রিয় গান ‘চান্দি কি ডাল পার’ দিয়ে তাঁর প্লেব্যাক গায়কীর সূচনা হয়েছিল। এর পরবর্তীতে ‘ওয়ান্টেড’-এর মোস্ট ওয়ান্টেড ট্র্যাক, ‘কিক’ ছবির ব্লকবাস্টার গান ‘হ্যাংওভার’ কিংবা লকডাউনের সময় ঘরে বসে শুট করা ‘প্যায়ার করো না’ ও ‘ভাই ভাই’—প্রতিবারই নিজের সিগনেচার স্টাইলে অনুরাগীদের মন জয় করে নিয়েছেন ভাইজান। এবার ‘তেরি সেক্সি বিউটি’ গানের মাধ্যমে আবারও সলমন তাঁর সেই সিগনেচার ম্যাজিক বজায় রাখলেন।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty