“একবার ক্ষমা চাইলেই শেষ সব ঝামেলা!” সলমনকে নিজের মন্দিরে আসার বার্তা লরেন্স বিষ্ণোইয়ের কাকার

বলিউড সুপারস্টার সলমন খান এবং বিষ্ণোই সম্প্রদায়ের মধ্যে দীর্ঘ ২৬ বছর ধরে চলা রক্তক্ষয়ী বিবাদ ও শত্রুতার কি তবে এবার অবসান হতে চলেছে? গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের কাকা রমেশ বিষ্ণোই এবার সরাসরি সলমন খানকে রাজস্থানের বিকানেরে অবস্থিত তাঁদের পবিত্র মন্দিরে এসে ক্ষমা চাওয়ার খোলা আহ্বান জানিয়েছেন। বিষ্ণোই সমাজের ৫৪২তম প্রতিষ্ঠা দিবসের এক বিশেষ অনুষ্ঠানে এই বার্তা দিয়ে তিনি স্পষ্ট জানান, একবার প্রকাশ্যে ক্ষমা চাইলেই এই দীর্ঘদিনের ক্ষোভ ও সমস্ত ঝামেলার চিরতরে ইতি ঘটবে।

সংবাদমাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রমেশ বিষ্ণোই জানান, রাজস্থানের বিকানেরের ঐতিহাসিক ‘মুক্তিধাম মুকাম’ মন্দিরে এসে সলমন খান যেন বিষ্ণোই সম্প্রদায়ের ভাবাবেগকে সম্মান জানিয়ে ক্ষমা প্রার্থনা করেন। তিনি স্পষ্ট করে দেন, লরেন্স বিষ্ণোই কিংবা বিষ্ণোই সমাজের কোনো সদস্যের সাথেই সলমন খানের ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই।

তবে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের একের পর এক হিংসাত্মক কার্যকলাপ, লরেন্সের হুমকি এবং সলমন বা তাঁর ঘনিষ্ঠদের ওপর সম্প্রতি হওয়া হামলাগুলো নিয়ে দূরত্ব বজায় রেখেছেন রমেশ। তিনি জানান, “আমি কোনো ধরনের হিংসার পথ সমর্থন করি না। সলমন বা তাঁর অনুগামীদের ওপর লরেন্সের গ্যাংয়ের হামলাকে আমি কখনোই সমর্থন করিনি। লরেন্স ও তাঁর সহযোগীদের আমি বারবার হিংসার পথ ছাড়ার পরামর্শ দিয়েছি।”

লরেন্সের কাকা আরও বলেন, “আমাদের সম্প্রদায়ের মনে ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনাটি নিয়ে গভীর ক্ষোভ জমে রয়েছে। সেই ক্ষোভের একটা সম্মানজনক সমাধান দরকার। সলমন বা তাঁর বাবা সেলিম খান যে নিরাপত্তার আশঙ্কা করছেন, তা অনর্থক। সলমন যদি আমাদের পবিত্র মন্দিরে আসেন, তবে তাঁকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। এই অধ্যায়ের এখানেই ইতি ঘটা উচিত, একটা আন্তরিক ক্ষমাপ্রার্থনাই সব ঝামেলা মিটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।”

উল্লেখ্য, ১৯৯৮ সালে রাজস্থানের যোধপুরের কাছে কাঙ্কানি গ্রামে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন দুটি বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সলমন খানের বিরুদ্ধে। বিষ্ণোই সম্প্রদায় কৃষ্ণসার হরিণকে অত্যন্ত পবিত্র ও পূজনীয় মনে করে। সেই থেকেই সলমনের ওপর ক্ষুব্ধ বিষ্ণোই সমাজ, যার ওপর ভিত্তি করে পরবর্তীতে বলিউড ভাইজানকে একাধিকবার প্রাণে মারার হুমকি দিয়ে খবরের শিরোনামে আসে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। লরেন্সের কাকার এই অভূতপূর্ব প্রস্তাবের পর এবার সলমন খান কী পদক্ষেপ নেন, সেদিকেই নজর গোটা বিনোদন দুনিয়ার।