বিজেপি বিধায়ককে বেধড়ক মারধর! ডেবরা থানায় শুভাশিস ওমের নজিরবিহীন পদক্ষেপে তোলপাড় রাজ্য রাজনীতি

তোলাবাজির বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে শেষ পর্যন্ত নিজের দলের কর্মীদের হাতেই আক্রান্ত হলেন খোদ বিজেপি বিধায়ক! এলাকায় তোলাবাজি ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিজের দলের ৬ জন কর্মীর হাতেই মারধরের শিকার হওয়ার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন ডেবরার বিজেপি বিধায়ক শুভাশিস ওম। এই ঘটনাকে কেন্দ্র করে চরম অস্বস্তিতে পড়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং এলাকায় তৈরি হয়েছে ব্যাপক রাজনৈতিক শোরগোল।
অভিযোগ, এলাকায় কিছু দলীয় কর্মী দীর্ঘদিন ধরে বিভিন্ন অসামাজিক কাজ ও তোলাবাজির সঙ্গে যুক্ত ছিল। বিধায়ক হিসেবে শুভাশিস ওম এর প্রতিবাদ জানান এবং এই ধরণের কার্যকলাপ বন্ধ করার নির্দেশ দেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ওই বিজেপি কর্মীরা। অভিযোগ, মঙ্গলবার আচমকাই বিধায়কের ওপর চড়াও হয় তাঁরা এবং তাঁকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা ও মারধর করা হয়।
নিজের সুরক্ষার পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে কড়া বার্তা দিতে এতটুকু দ্বিধা করেননি বিধায়ক। ঘটনার পরই সোজা ডেবরা থানায় ছোটেন তিনি। নিজের দলেরই ৬ জন চিহ্নিত কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন বিধায়ক শুভাশিস ওম। ঘটনার তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ। তোলাবাজির প্রতিবাদ করায় নিজ দলের কর্মীদের হাতেই বিধায়ক আক্রান্ত হওয়ার ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যেও।